
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার হীন উদ্দেশ্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী পরিষদ সদস্য রফিকুল ইসলাম জীবনকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব।
সম্প্রতি ‘স্বাধীন খান’ নামক একটি ফেসবুক আইডি থেকে বিগত আমলের সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম জীবনের বসা অবস্থার পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট করা হয়। এ ঘটনার পরই ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে প্রেস ক্লাব কতৃপক্ষ।
প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নানা মতের ব্যক্তির সঙ্গে ছবি থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু সেই ছবিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করে সমাজের একটি কুচক্রী মহল সাংবাদিকদের মানহানি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
রফিকুল ইসলাম জীবন দুই যুগেরও বেশি সময় ধরে পেশাদার সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন। তিনি ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জফার্স্ট নিউজ-এর স্বত্বাধিকারী। এর আগে তিনি দীর্ঘ সময় ধরে দৈনিক শীতলক্ষ্যা ও দৈনিক যুগেরচিন্তা-সহ বিভিন্ন স্বনামধন্য পত্রিকায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ এক বিবৃতিতে বলেন, “পেশাদার সাংবাদিকদের নিয়ে বিভ্রান্তি ছড়ানো এক কুসংস্কারাচ্ছন্ন মানসিকতার পরিচয়। সমাজে সাংবাদিকদের নিয়ে মিথ্যা অপপ্রচার ছড়িয়ে এই পেশাকে ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং হয়রানির হাতিয়ার বানানোর অপচেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, যারা সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে সাংবাদিকদের সম্মানহানিতে লিপ্ত রয়েছে, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। পেশাদার সাংবাদিকদের নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২:১১:৪৭ ২৯ বার পঠিত