বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশনে: প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশনে: প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশনে: প্রতিমন্ত্রী

বিসিএস পরীক্ষার আবেদন গ্রহণ থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, সংরক্ষণ ও উত্তরপত্র মূল্যায়নে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে এসব কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির সুযোগ কমেছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মুন্সীগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার উত্তরপত্র ওএমআর মেশিনে স্ক্যান করে ফলাফল তৈরি করা হয়। ফলে ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে দুর্নীতি বা অনিয়মের সুযোগ নেই। অটোমেশনের বাইরে থাকা কিছু কার্যক্রমও এ প্রক্রিয়ার আওতায় আনার কাজ চলছে।

তিনি বলেন, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। আগে প্রশ্নপ্রণেতারা বাসায় বসে প্রশ্ন তৈরি করে কমিশনে জমা দিতেন। বর্তমানে তাদের পিএসসিতে নির্ধারিত প্রশ্নপত্র প্রণয়ন কক্ষে (গোপনীয় কক্ষ) অবস্থান করে প্রশ্ন তৈরি করতে হয়। প্রশ্ন প্রণয়ন শেষে তা সিলগালা করে সংশ্লিষ্ট সদস্যের কাছে জমা দেওয়া হয়। পরে ওই সদস্যের তত্ত্বাবধানে একই দিন সিলগালা করা খাম ভল্টরুমে সংরক্ষণ করা হয়।

প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে ভল্টরুমে সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া ভল্টরুম আধুনিকায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট সদস্য ও কমিশন মনোনীত কর্মকর্তারা ফেস লকের মাধ্যমে সেখানে প্রবেশ করতে পারেন। ভল্টরুম এলাকায় সাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের জন্য নির্ধারিত কক্ষে সিসিটিভিসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রশ্ন প্রণয়নের আগে প্রশ্নকারীদের গতানুগতিক ধারার বাইরে প্রশ্ন তৈরি, প্রশ্নের পুনরাবৃত্তি পরিহার এবং গোপনীয়তা রক্ষার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

তিনি বলেন, আগে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র বিজি প্রেস অথবা আর্মি প্রিন্টিং প্রেসে মুদ্রণ করা হতো। বর্তমানে পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে প্রশ্নপত্র মুদ্রণ করা হচ্ছে।

মুদ্রণকাজের শুরু থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কমিশন সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা প্রেসে অবস্থান করেন। এ সময় তাদের কাছে বাইরে যোগাযোগের জন্য মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকে না। প্রশ্নপত্র মুদ্রণের সার্বিক কার্যক্রম কমিশনের চেয়ারম্যান তদারকি করেন।

বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে সার্কুলার পদ্ধতি চালু করা হয়েছে। এ জন্য কমিশন একাধিক দল গঠন করেছে। এ পদ্ধতিতে পরীক্ষকরা উত্তরপত্র বাসায় নিয়ে যেতে পারেন না; কমিশনে এসে নির্ধারিত দলের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করেন। কমিশনের নির্দেশনা, তদারকি ও নির্ধারিত সময়সীমা অনুসরণ করে একাধিক পরীক্ষকের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করা হয়।

প্রতিমন্ত্রী আরও জানান, মৌখিক পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মৌখিক পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে কোন প্রার্থী কোন বোর্ডে পরীক্ষা দেবেন এবং কোন বিশেষজ্ঞ কোন বোর্ডে দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণ করা হয়। ফলে আগাম তথ্য জানার সুযোগ থাকে না।

তিনি বলেন, বিসিএসসহ সরকারি নিয়োগ পরীক্ষাকে প্রশ্নপত্র ফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতিমুক্ত করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এসব পদক্ষেপ গ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:০৪   ৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশনে: প্রতিমন্ত্রী
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী
সদরপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া
কপ ৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুকে শোকজ
সরিষাবাড়ীতে মাদকের ভয়াবহ বিস্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
বিস্ফোরক মামলায় আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার
কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ