
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে গত ৭২ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার হয়েছেন। রাজনৈতিক সহিংসতা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: আওনা ইউনিয়নের দৌলতপুর এলাকার বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেন, পৌরসভার শিমলাপল্লী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান সুজন, পোগলদিয়া ইউনিয়নের পলিশা গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা ইকবাল হোসেন লতিফ, আওনা ইউনিয়নের স্থল গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা সাইদুর রহমান উজ্জ্বল মিয়া,ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের বাসিন্দা ও যুবলীগের সহ-সভাপতি, মনিরুজ্জামান সোহাগ মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ নভেম্বর রাতে মাহমুদুল হাসান সুজনকে এবং ৯ নভেম্বর পৃথক অভিযানে কবির হোসেন ও ইকবাল হোসেন লতিফকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে মঙ্গলবার রাতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সাইদুর রহমান উজ্জ্বল মিয়াকে এবং একই রাতে পরমানন্দপুর এলাকা থেকে মনিরুজ্জামান সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করে পুলিশ।
সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান সিদ্দীক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সহিংসতা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:০৯:৫৮ ১ বার পঠিত