
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা শ্রমিক দল।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের বাইপাস সড়ক থেকে শ্রমিক দলের নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, সহসভাপতি সোহরাব মোল্লা ও আতিকুর সরদার, সাধারণ সম্পাদক মনির মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আকুব্বর মাতুব্বর, শ্রমিক দল নেতা বালাম হোসেন, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস এবং ভাওয়াল ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ইউসুফ মাতুব্বরসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড, সহিংসতা, গাড়ি ভাঙচুর এবং সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার প্রতিবাদ জানাতেই তাঁদের এ কর্মসূচি। কোনো অপশক্তি যাতে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের কোনো কর্মসূচি থাকলে তার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীরা কাজ করবেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস-আদালত কিংবা সাধারণ মানুষের সম্পদের কোনো ক্ষতি না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
এ সময় দলের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ২৩:১১:১৮ ১৩ বার পঠিত