![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরে মাদারগঞ্জ থেকে মাহিন্দ্র ট্রাক্টর চুরির পর এবার মোটরসাইকেল নিয়ে পালিয়ে ইসলামপুরে বিক্রি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছে তামিম (১৭) নামের এক কিশোর। সে মাদারগঞ্জ উপজেলার আটাত্তর চর এলাকার সুজন মিয়ার ছেলে। বর্তমানে সে মাদারগঞ্জ মডেল থানা হেফাজতে রয়েছে।
ঘটনার বরাতে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে মিলনবাজার এলাকা থেকে বডিসহ সোনালিকা ব্র্যান্ডের একটি মাহিন্দ্র ট্রাক্টর চুরি করে নিয়ে যায় তামিম। পরবর্তীতে জোড়খালী ইউনিয়নের বারইপাড়া চৌরাস্তা মোড়ে পৌঁছালে ট্রাক্টরটির তেল ফুরিয়ে যায়। এ সময় পথিমধ্যে কর্ণিবাড়ী ইউনিয়নের ছোঁনপচা চরের লিটন বেপারীর সাথে তার দেখা হয়।
লিটনের মোটরসাইকেলের পেছনে চড়ে তার ভায়রার বাড়ি পর্যন্ত যাওয়ার পর তামিম তাকে বটতলা পর্যন্ত পৌঁছে দেওয়ার অনুরোধ করে। মানবিক কারণে লিটন তার ছোট ভাতিজাকে মোটরসাইকেল দিয়ে তামিমকে বটতলা নামিয়ে দিয়ে আসতে বলেন। কিন্তু পথিমধ্যে সুযোগ বুঝে তামিম লিটনের ভাতিজাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
ভাতিজা কান্নাকাটি করতে করতে বিষয়টি জানালে লিটন চৌরাস্তা মোড়ে গিয়ে দেখেন, তামিম তার রেখে যাওয়া মাহিন্দ্র ট্রাক্টরটি বডিবিহীন অবস্থায় ফেলে গেছে। খবর পেয়ে ট্রাক্টরের মালিক ঘটনাস্থল থেকে বডিবিহীন মাহিন্দ্রটি উদ্ধার করে মিলনবাজার নিয়ে আসেন।
এদিকে চুরি করা মোটরসাইকেল নিয়ে তামিম ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা চরের নদীর পাশের বেড়িবাঁধ এলাকায় যায়। ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ওই মোটরসাইকেলটি স্থানীয় এক ব্যক্তির কাছে মাত্র ২০ টাকায় বিক্রি করতে চাইলে উপস্থিত লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাকে আটক করে ইসলামপুর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তামিমকে আটক করে এবং পরবর্তীতে তাকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২৩:১৯:৫৭ ৫ বার পঠিত