ফেনীতে ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের উদ্যোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফেনীতে ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের উদ্যোগ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



---

ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ প্রকল্প গ্রহণ করেছে।

প্রকল্পটি বাস্তবায়ন করবে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিবি) পিএলসি।

আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

ব্রিফিংয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচি, আমন ধান ও চাল সংগ্রহ, প্রধানমন্ত্রীর তুরস্ক সফর ও কপ৩১ সম্মেলন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মূল্যস্ফীতি ও মজুরিহার সূচক প্রকাশসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন তিনি।

তথ্য উপদেষ্টা জানান, গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ প্রকল্পের স্টার্টআপ কর্মশালার উদ্বোধন করেন।

বাংলাদেশ সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) এবং ইজিবি পিএলসির নিজস্ব অর্থায়নে ১ হাজার ৮৮৮ দশমিক ১০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আইএসডিবির মধ্যে অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০২৮ সালের জুন থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, কার্বন নিঃসরণ হ্রাস, জাতীয় এনডিসি লক্ষ্যমাত্রা পূরণ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ৭ দশমিক ২ অর্জনে সহায়তা মিলবে।

প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সোলার পিভি মডিউল, ২৬টি ইনভার্টার এবং ৩৩/২৩০ কেভি পাওয়ার ট্রান্সফরমারসহ দুটি সাবস্টেশন স্থাপন করা হবে। পাশাপাশি এগ্রোভোল্টাইক ধারণা কাজে লাগিয়ে একই জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষিকাজ ও পশুপালনের পরিকল্পনা রয়েছে।

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় স্থানীয় প্রায় ১ হাজার বেকার যুবক ও নারীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রুফটপ সোলার স্থাপন করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে ডা. জাহেদ উর রহমান জানান, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। ঢাকা, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ৬৬টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার মোট ৩৩০ টন চাল বিক্রি করা হচ্ছে। কর্মসূচির উদ্বোধনী দিনেই বরাদ্দ করা ৩৩০ টন চালের পুরোটাই বিক্রি হয়েছে।

এ ছাড়া চলতি ২০২৬-২৭ অর্থবছরে অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযানে ৩ লাখ টন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা।

গত ১৪ নভেম্বর খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি মানিকগঞ্জের সাটুরিয়ায় এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এ ছাড়া ৩০০টি উপজেলায় বিতরণ করা হচ্ছে পুষ্টিচাল (ফর্টিফায়েড রাইস)।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর ও কপ৩১ সম্মেলন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কে তিন দিনের সরকারি সফর শেষে গত শুক্রবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অবস্থানকালে তিনি কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। এ সময় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এ ছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসির মহাসচিব এবং লন্ডনের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এসব বৈঠক ও আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো গুরুত্ব পায়।

এদিকে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বর্জ্যশূন্য ব্যবস্থাপনাবিষয়ক একটি সাইড ইভেন্টে অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের সরকারি উদ্যোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গত ৭ নভেম্বর অক্টোবর মাসের ভোক্তা মূল্য সূচক (সিপিআই), মূল্যস্ফীতির হার এবং মজুরিহার সূচক (ডব্লিউআরআই) প্রকাশ করেছে।

২০২১-২২ ভিত্তি বছর ধরে ৩৮৩টি পণ্য ও সেবার ৭৪৯টি ভ্যারাইটির ওপর ভিত্তি করে সিপিআই নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে কৃষি, শিল্প ও সেবা খাতের ৬৩টি পেশার মাসিক মজুরির ভিত্তিতে হিসাব করা হয়েছে ডব্লিউআরআই।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৮:১৯   ২ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত হবে: কাদের গনি চৌধুরী
শিশু সুরক্ষায় তিন কৌশলগত অগ্রাধিকার নিয়ে কাজ করছে বাংলাদেশ
ফেনীতে ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের উদ্যোগ
সুপ্রিম কোর্টের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর
ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ
বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ