শিশু সুরক্ষায় তিন কৌশলগত অগ্রাধিকার নিয়ে কাজ করছে বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিশু সুরক্ষায় তিন কৌশলগত অগ্রাধিকার নিয়ে কাজ করছে বাংলাদেশ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



শিশু সুরক্ষায় তিন কৌশলগত অগ্রাধিকার নিয়ে কাজ করছে বাংলাদেশ

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে সমন্বিত, জাতীয় পর্যায়ে স্বীকৃত এবং টেকসই অর্থায়ননির্ভর শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

আজ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘2nd Global Ministerial Conference on Ending Violence Against Children’ শীর্ষক সম্মেলনের ‘Strengthening Child Protection Systems and Financing for Sustainable Impact’ বিষয়ক স্যাটেলাইট ইভেন্টে মূল বক্তব্য উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিশুদের প্রতি সহিংসতা শুধু শিশু অধিকারের লঙ্ঘন নয়, এটি মানবসম্পদ উন্নয়ন, সামাজিক ঐক্য এবং টেকসই উন্নয়নের পথেও বাধা সৃষ্টি করে। এ কারণে শিশুদের সহিংসতা, নির্যাতন, অবহেলা, শোষণ ও ক্ষতিকর প্রথা থেকে সুরক্ষা দেওয়া সরকারের অন্যতম জাতীয় উন্নয়ন অগ্রাধিকার।

তিনি আরও বলেন, শিশুদের মানসিক বিকাশে সরকার ‘নতুন কুঁড়ি’ ও ‘নতুন কুঁড়ি (স্পোর্টস)’-সহ খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

মন্ত্রী বলেন, শিশুদের প্রতি সহিংসতা বন্ধে আইন, প্রতিষ্ঠান, দক্ষ জনবল, পরিবার, সমাজ ও সরকারি অর্থায়নের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ তিনটি কৌশলগত অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে।

প্রথম কৌশলগত অগ্রাধিকার হলো নেতৃত্ব ও জবাবদিহি জোরদার করা। এ লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পৃথক ‘শিশু বিষয়ক অধিদপ্তর’ প্রতিষ্ঠা এবং সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা শাখাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সমন্বয় ও জবাবদিহি বাড়াতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিশু কল্যাণ বোর্ডগুলোকে সক্রিয় করা হচ্ছে।

দ্বিতীয় অগ্রাধিকার হলো প্রতিরোধ ও সমন্বিত সেবায় বিনিয়োগ বৃদ্ধি। শিশুদের বেড়ে ওঠার পরিবেশ থেকেই সহিংসতা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য ইতিবাচক অভিভাবকত্বের চর্চা (পজিটিভ প্যারেন্টিং) সম্প্রসারণ, কমিউনিটিভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার, নিরাপদ বিদ্যালয় নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবায় শিশু সুরক্ষা অন্তর্ভুক্তি এবং শিশুবান্ধব বিচারব্যবস্থা শক্তিশালী করার কাজ চলছে।

তৃতীয় ও সর্বশেষ অগ্রাধিকার হলো টেকসই ফলাফল নিশ্চিত করা। এ লক্ষ্যে সমাজসেবা কর্মীদের সক্ষমতা বৃদ্ধি, কেস ম্যানেজমেন্ট ও রেফারেল ব্যবস্থার উন্নয়ন, তথ্য-উপাত্তে বিনিয়োগ এবং সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে অভ্যন্তরীণ অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, সরকারি নেতৃত্বের পাশাপাশি কমিউনিটি, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাত সম্মিলিতভাবে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রতিটি শিশু যেন নিরাপদ, সুরক্ষিত ও সহায়ক পরিবেশে বেড়ে উঠতে পারে, তা নিশ্চিত করতে বাংলাদেশ বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্বের ১০০টিরও বেশি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও প্রতিনিধি, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৯:২৯   ২ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত হবে: কাদের গনি চৌধুরী
শিশু সুরক্ষায় তিন কৌশলগত অগ্রাধিকার নিয়ে কাজ করছে বাংলাদেশ
ফেনীতে ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের উদ্যোগ
সুপ্রিম কোর্টের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর
ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ
বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ