
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।
মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দিতে পারেননি। ওই সময়ও তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। বিষয়টি জানিয়ে তখন সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন তিনি।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।
এদিকে কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ অধিবেশন শুরুর পর তিনি এ ঘোষণা দেন।
অধিবেশনে স্পিকার জানান, গত ১৪ নভেম্বর ওসমান ফারুক পদত্যাগ করেছেন। বিধি অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য হয়েছে বলেও জানান তিনি।
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী, আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে অবহিত করা হয়েছে বলে ঘোষণা দেন স্পিকার।
সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। স্পিকার ওই পত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।
ওসমান ফারুক একজন সাবেক আমলা। তিনি বিশ্বব্যাংকেও গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন। বিভিন্ন মহলে তাঁর দক্ষতার প্রশংসা রয়েছে। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবারও সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক।
গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যের একটি বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই ককাসের সভাপতি ছিলেন ওসমান ফারুক। তাঁর বয়স ৮৬ বছর।
বাংলাদেশ সময়: ১৭:২৫:৩৩ ৪ বার পঠিত #কিশোরগঞ্জ-৩ আসন #ড. মুহাম্মদ ওসমান ফারুক #বিএনপি সংসদ সদস্য পদত্যাগ