‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের পথে পথে প্রতিহত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, গত ৫ আগস্ট পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শক্তি বিদেশে বসে অর্থ ও অস্ত্রের জোগান দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা পুলিশ বক্স ও যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং হত্যাকাণ্ডের মতো কর্মকাণ্ড চালাচ্ছে।

তিনি বলেন, যারা দেশপ্রেমিক এবং জনকল্যাণে কাজ করেন, তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যান না। দেশের মানুষের সম্পদ আত্মসাৎ, অর্থ লুটপাট, গুম, খুন, গুপ্তহত্যা ও ক্রসফায়ারের মতো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাই দেশ ছেড়ে পালিয়ে যায়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নানা চাপ ও হুমকি দেওয়া হলেও তাঁকে দেশ ছাড়তে হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। তিনি দেশের জন্য নিজের জীবন দিয়েছেন, এ দেশের মাটিতেই সমাহিত হয়েছেন।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির মৌলিক পার্থক্য রয়েছে। বিএনপি গণসম্পৃক্ততা, আদর্শ ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। অন্যদিকে আওয়ামী লীগ অরাজকতা সৃষ্টি করে ক্ষমতায় এসে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট করেছে।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার ঢাকায় সুধা সদন নামে বাড়ি ছিল। এ ছাড়া পূর্বাচলে ৬০ কাঠা জমি ছিল। তার আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ মন্ত্রীদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বাড়ি ইংল্যান্ড সরকার জব্দ করেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, পুরো দেশকে লুটপাটের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল, যাতে তারা বংশ পরম্পরায় সুখে-শান্তিতে ও প্রাচুর্যের মধ্যে থাকতে পারে।

রুহুল কবির রিজভী বলেন, এই পরাজিত শক্তি আবারও অস্থিতিশীলতা তৈরি করে ক্ষমতা দখলের চেষ্টা করছে। তারা মনে করছে, পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা পুনরায় দখল করা সম্ভব। কিন্তু দেশের মানুষ তাদের চেনে। কারা তাদের অর্থ ও অস্ত্র সরবরাহ করছে এবং কারা মদদ দিচ্ছে, তা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে।

তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। এটিকে সন্ত্রাস সৃষ্টির কেন্দ্র বা পশ্চাৎভূমি হিসেবে ব্যবহারের চেষ্টা করা যাবে না। গোপালগঞ্জের লাখ লাখ মানুষ দেশপ্রেমিক এবং তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চান। তবে সাবেক আমলের কিছু সুবিধাবাদী ও সুবিধাপ্রাপ্ত ব্যক্তি সেখানে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। কিন্তু তা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, সেখানে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য জিলানীর বাড়িও পুড়িয়ে তছনছ করা হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকার পরও এ ধরনের হামলা চালানো হচ্ছে। বিএনপির গণতান্ত্রিক সহনশীলতার সুযোগ নিয়ে তারা এই বর্বরোচিত হামলা করছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ১ হাজার ৪০০ শিশু-কিশোর ও তরুণের রক্ত ঝরার পরও শেখ হাসিনার রক্ততৃষ্ণা মেটেনি। দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা বিভিন্ন দেশে ফ্ল্যাট, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। অন্যদিকে, বাংলাদেশে অর্থের বিনিময়ে বিভিন্ন মহল্লা, গ্রাম ও ওয়ার্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের একটি অডিওর প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ওই অডিওতে প্রতিটি ইউনিয়নে বিএনপি নেতাদের তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ থাকলেও ফ্যাক্ট-চেকের মাধ্যমে এতে মোজাম্মেল হকের কণ্ঠস্বর স্পষ্ট বলে নিশ্চিত হওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

রুহুল কবির রিজভী বলেন, এই পঞ্চম বাহিনীর বিরুদ্ধে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের প্রতিহত করা হবে। গ্রামে, মহল্লায়, ওয়ার্ডে ও পথে পথে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সংবাদ সম্মেলনে আগামী ডিসেম্বর মাসে বিজয় দিবসসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানান রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি। এ ছাড়া ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নেওয়া হবে। দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন ২৫ ডিসেম্বরও সম্মিলিতভাবে পালন করবে দলটি।

রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভা ও সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাইয়েদুল আলম বাবুল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, জাসাসের আহ্বায়ক হেলাল খান ও সদস্যসচিব জাকির হোসেন রোকন, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি ইয়াসিন আলী এবং মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৫০   ৬ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাংশায় ট্রাফিক আইন অমান্য করায় ১৪টি মামলা, মোবাইল কোর্টে বিভিন্ন অঙ্কের জরিমানা
রাজবাড়ীর খানগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন সরদারের মতবিনিময় সভা
স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার
স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত
জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে : ভারতীয় হাইকমিশনার
ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ
‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ