![]()
কালকিনি, ডাসার প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমিতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এ অনুষ্ঠানে দুই ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে দশম শ্রেণির শিক্ষার্থী ইফতাব জাহান প্রীতি। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
বিদ্যালয় ও পরিবার সূত্রে জানা গেছে, ২০২৬ সালের নির্বাচনী পরীক্ষায় ৮৫২ নম্বর পেয়ে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন এবং শ্রেণিতে সর্বোচ্চ উপস্থিতির স্বীকৃতিস্বরূপ প্রীতিকে পৃথকভাবে এ সম্মাননা দেওয়া হয়। গত সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী তার হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক তুলে দেন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য কৃতী শিক্ষার্থীকেও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
সম্মাননা প্রদানকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী বলেন, ‘নির্বাচনী পরীক্ষায় ৮৫২ নম্বর পেয়ে প্রীতি বিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছে। তার এ সাফল্যে আমরা গর্বিত। আগামী এসএসসি পরীক্ষায় সে যেন গোল্ডেন জিপিএ পায়, সেই দোয়া করি।’ তিনি আরও বলেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি নিয়মিত উপস্থিতি ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতে সহায়তা করে।
প্রীতির মা লাইজু আক্তার বলেন, ‘দুই ক্যাটাগরিতে মেয়ের সম্মাননা পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। ওর নিহত বাবা আব্দুর রব ইরান হাওলাদার আজ বেঁচে থাকলে অনেক খুশি হতেন। মেয়ের আগামী এসএসসি পরীক্ষার ভালো ফলাফলের জন্য সবার কাছে দোয়া চাই।’
নিজের অনুভূতি প্রকাশ করে ইফতাব জাহান প্রীতি বলে, ‘দুই ক্যাটাগরিতে সম্মাননা পেয়ে আমি খুব আনন্দিত ও অনুপ্রাণিত। বাবা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। বাবার আত্মার মাগফিরাত কামনা করছি। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে এবং আগামী এসএসসি পরীক্ষায় ভালো ফল করতে সবার দোয়া ও আশীর্বাদ চাই। ভবিষ্যতে যে প্রতিষ্ঠানেই যুক্ত হব, সেটির সুনাম রক্ষায় কাজ করব।’
সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যালয়ের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশ, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ২১:৫৮:০৮ ৭ বার পঠিত #ইফতাব জাহান প্রীতি #কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি #শিক্ষার্থী সংবর্ধনা