বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

তিন দিনে কলা পাকানোর অভিযোগে সালথায় ইউএনওর অভিযান, দোকান ফেলে পালালেন ব্যবসায়ী

প্রথম পাতা » ছবি গ্যালারী » তিন দিনে কলা পাকানোর অভিযোগে সালথায় ইউএনওর অভিযান, দোকান ফেলে পালালেন ব্যবসায়ী
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



তিন দিনে কলা পাকানোর অভিযোগে সালথায় ইউএনওর অভিযান, দোকান ফেলে পালালেন ব্যবসায়ী

ফরিদপুরের সালথায় রাসায়নিক স্প্রে প্রয়োগ করে মাত্র তিন দিনে কাঁচা কলা পাকিয়ে বাজারজাত করার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে দোকান ফেলে পালিয়ে যান অভিযুক্ত কলা ব্যবসায়ী।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয়দের অভিযোগ, ফুলবাড়িয়া বাজারের কলা ব্যবসায়ী সেকেন শেখ দীর্ঘদিন ধরে কাঁচা কলা সংগ্রহ করে তাতে রাসায়নিক স্প্রে প্রয়োগের মাধ্যমে দ্রুত পাকিয়ে বাজারজাত করে আসছেন। স্বাভাবিক প্রক্রিয়ায় কলা পাকতে নির্দিষ্ট সময় লাগলেও রাসায়নিক প্রয়োগের মাধ্যমে মাত্র তিন দিনেই সেগুলো বিক্রির উপযোগী করা হচ্ছে। এতে কলার বাহ্যিক রং ও সৌন্দর্য আকর্ষণীয় হয়ে উঠলেও কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযানের খবর পেয়ে দোকান রেখেই পালিয়ে যান ব্যবসায়ী সেকেন শেখ। পরে তাঁর দোকানে তল্লাশি চালিয়ে কলায় স্প্রে করার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও উপকরণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয় বাসিন্দা এনামুল শেখ বলেন, ‘স্প্রে করা কলা কখনো ভালো হওয়ার নয়। এ ধরনের কলা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। সাধারণ মানুষ বিষয়টি না জেনেই এসব কলা কিনে খাচ্ছেন। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।’

অভিযোগের বিষয়ে কলা ব্যবসায়ী সেকেন শেখ বলেন, ‘এই কলা আমি নিজেও খাই, আমার পরিবারকেও খাওয়াই। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সমস্যা হয়নি। আমার ভুল হয়েছে। আমি আর এই ব্যবসা করব না।’

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ‘আমরা যখন অভিযানে যাই, তখন দোকান রেখেই দৌড়ে পালিয়ে যান দোকানদার। এ সময় তাঁর দোকানে প্রবেশ করে কলায় স্প্রে করার বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে। কী কী ধরনের স্প্রে ব্যবহার করা হতো, সেসবের আলামত আমরা সংগ্রহ করছি। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’

বাংলাদেশ সময়: ২২:০১:২৯   ৬ বার পঠিত   #  #  #