![]()
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. আবুল কালাম শেখ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ বলেন, এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাঁকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিন মাস আগে তিনি তাঁর দায়িত্বশীলদের জানিয়েছিলেন, এ দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব নয় এবং তিনি পদত্যাগ করেছেন। বিষয়টি এলাকার সাধারণ মানুষ না জানায় গণমাধ্যমের মাধ্যমে তা প্রকাশ করছেন বলে জানান তিনি।
তিনি বলেন, ‘আমি আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।’ এ সময় তিনি আরও বলেন, তাঁর ওপর কোনো চাপ নেই, কোনো ভয়ভীতিও নেই। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন। এই দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় বলেই নিজ সিদ্ধান্তে সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির রেজাউল করিম বলেন, মো. আবুল কালাম জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ মেনে রাজনীতি করতে পারছেন না। তিনি দলের একটি ক্ষুদ্র ইউনিটের দায়িত্ব পালন করছিলেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর পদত্যাগের ঘোষণা দেওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন।
রেজাউল করিম আরও বলেন, খোঁজ নিয়ে যতদূর জানতে পেরেছেন, আবুল কালাম ওই ইউনিয়নের সভাপতি হিসেবে মৌখিকভাবে দায়িত্ব পালন করছিলেন। তাই দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁর পদত্যাগের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন জেলা আমির।
বাংলাদেশ সময়: ২০:২৮:৪৮ ২৮ বার পঠিত #আবুল কালাম শেখ #কান্দি ইউনিয়ন #কোটালীপাড়া জামায়াত