দোলনের ৭ দিন, সাবেক সচিব ও অভিনেতা তমালের ৪ দিনের রিমান্ড

প্রথম পাতা » আইন আদালত » দোলনের ৭ দিন, সাবেক সচিব ও অভিনেতা তমালের ৪ দিনের রিমান্ড
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



দোলনের ৭ দিন, সাবেক সচিব ও অভিনেতা তমালের ৪ দিনের রিমান্ড

রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে সাত দিন এবং সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে চার দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দোলনের সাত দিন এবং মিজানুর রহমান ও আরিফ মাহমুদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে, আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. সেলিম রেজা।

রিমান্ড আবেদনে বলা হয়, তদন্তে গ্রেপ্তার তিন আসামির ওই ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া মামলার পলাতক আসামিদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতেন। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন।

মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাদের গ্রেপ্তার, অর্থের উৎস শনাক্ত এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের স্বার্থে আসামিদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি, কুদরত-ই-খুদাসহ অন্যরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এ আবেদনের বিরোধিতা করা হয়।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, ছয় মাস আগের ধানমন্ডির একটি ঘটনায় সাবেক সচিব ও সংসদ সদস্যরা মিছিলে অংশ নিয়েছিলেন—এমন অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। এ মামলায় আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মতো কোনো উপাদান নেই। মূলত রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে কারাগারের ফটকে (জেল গেটে) তা করা যেতে পারে।

অভিনেতা তমালের আইনজীবী তাসলিমা জাহান পপি শুনানিতে বলেন, তার মক্কেল হৃদ্‌রোগে আক্রান্ত। সন্ত্রাসবিরোধী আইনে কাউকে গ্রেপ্তার করতে হলে সংশ্লিষ্টতার পক্ষে ব্যানার, ভিডিও ফুটেজসহ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকতে হয়। কিন্তু এ ক্ষেত্রে তেমন কোনো তথ্য-প্রমাণ নেই। তার মক্কেল অসুস্থ হওয়ায় রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন জানান তিনি।

এ সময় বিচারক মেডিক্যাল রিপোর্টের বিষয়ে জানতে চাইলে আইনজীবী জানান, এ জন্য আবেদন করতে হবে।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের সর্বোচ্চ ১০ দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন। তিনি বলেন, এ ঘটনায় অপরাধে সহায়তার (এবেটমেন্ট) বিষয় রয়েছে। আসামিরা প্রত্যেকেই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এবং দলটির সুবিধাভোগী। বিভিন্ন সময়ে তারা বুদ্ধিবৃত্তিকভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করেছেন। তাদের পেছনে কারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন, তা জানতে আসামিদের সর্বোচ্চ ১০ দিনের রিমান্ড প্রয়োজন।

রাষ্ট্রপক্ষের বক্তব্যের জবাবে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলনের আইনজীবী কুদরত-ই-খুদা বলেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বাইরেও সাতক্ষীরায় তার মক্কেলের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলোর সবই ৫ আগস্টের আগের। এরপর তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

তবে রাষ্ট্রপক্ষের দাবি, ৫ আগস্টের পরও তার বিরুদ্ধে মামলা রয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দোলনের সাত দিন এবং মিজানুর রহমান ও আরিফ মাহমুদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানার এএসআই তানভীর মেহেদী সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২০:৩৯:০৫   ৬ বার পঠিত   #  #  #







আইন আদালত’র আরও খবর


দোলনের ৭ দিন, সাবেক সচিব ও অভিনেতা তমালের ৪ দিনের রিমান্ড
‎”ফরিদপুরের নগরকান্দা” ‎স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন
হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ