![]()
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৮ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন, দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও নগদ টাকাসহ চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
আজ সোমবার দুপুরে রাজশাহীতে এসআরবি-৫-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক।
তিনি জানান, রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী মহানগরে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-৫-এর একটি যৌথ আভিযানিক দল রাজশাহী মহানগরের শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোছা. ময়না বেগম ও শাহাদত হোসেনকে আটক করে। পরে তাঁদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়না বেগম ও শাহাদত হোসেন মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক আরও জানান, এসআরবি-৫-এর অপর একটি যৌথ আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রাণীগর হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে আহসান আলী ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। পরে তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।
আসামি আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আগে থেকেই একটি অস্ত্র মামলা, একটি পাসপোর্ট জালিয়াতির মামলা এবং গুরুতর জখমের একটি মামলা রয়েছে। অন্যদিকে, আব্দুর রহিমের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় জাল টাকা সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৫১:২৮ ৮ বার পঠিত #এসআরবি-৫ অভিযান #চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল #রাজশাহীতে হেরোইন উদ্ধার