![]()
ঝিনাইদহ, ২৩ নভেম্বর, ২০২৬ (গণমাধ্যম): ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নের ৪ হাজার ৬৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
সোমবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদসহ অনেকে।
এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগী কৃষক এবং উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রবি মৌসুমে সরিষা, মসুর ও গমের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মসূচির আওতায় ৪ হাজার কৃষককে প্রত্যেককে ১ কেজি করে সরিষার বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার দেওয়া হয়েছে। এ ছাড়া ৫০০ কৃষককে ৫ কেজি করে মসুরের বীজ ও ১৫ কেজি করে সার এবং ১৫০ কৃষককে ২০ কেজি করে গমের বীজ ও ৭৩ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে রবি মৌসুমে ফসল উৎপাদনে কৃষকরা উৎসাহিত হবেন এবং সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৬:৫৮:৩৩ ৪ বার পঠিত #ঝিনাইদহ কৃষি প্রণোদনা #বিনামূল্যে সার ও বীজ বিতরণ #রবি মৌসুম