
সদরপুর (ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহ (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে নগরকান্দার রসুলপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ পূর্ব তালমা এলাকার ইমরান লস্করের ছেলে। সে তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের বাড়ি শাকপালদিয়া এলাকায়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আব্দুল্লাহর অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এদিকে, অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হাতে মোটরসাইকেল তুলে না দিতে অভিভাবকদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, অসতর্কতা ও বেপরোয়া চলাচল মুহূর্তেই একটি পরিবারের অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে।
বাংলাদেশ সময়: ১৭:০৮:১৫ ১৫ বার পঠিত