
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় আব্দুল মালেক ওরফে দুলাল মেম্বার (৫৯) নামে আওয়ামী লীগের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) মধ্যরাত ১টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রাধানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুলাল মেম্বার রাধানগর এলাকার মৃত তোষর আলীর ছেলে।
পুলিশের তদন্ত প্রতিবেদন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সরিষাবাড়ী থানার ২নং পোগলদিঘা ইউনিয়নের বিন্যাফৈর নতুন বাজারে ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের একটি টিনশেড কার্যালয় রয়েছে। চলতি বছরের ১৪ মে রাতে কার্যক্রম শেষে স্থানীয় যুবদল নেতা ও মামলার বাদী মো. সুলতান ভূইয়াসহ অন্যরা কার্যালয়ে তালা দিয়ে বাড়ি চলে যান। পরবর্তীতে ১৬ মে ভোর ৫টা ১০ মিনিটের দিকে বাজারে আগুন লাগার শোরগোল শুনে বাদী ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।
অভিযোগে উল্লেখ করা হয়, এজাহারভুক্ত আসামি ও তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি দুলাল মেম্বারসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ডিজেল ছিটিয়ে আগুন ধরিয়ে দিলে কার্যালয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ও স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার শামীমের ছবিসহ চেয়ার-টেবিল পুড়ে যায়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় দাবি করা হয়েছে। এ ঘটনায় ১৯ মে সরিষাবাড়ী থানায় একটি মামলা (মামলা নং-১৬) দায়ের করা হয়।
পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তদন্তে ওই ঘটনায় দুলাল মেম্বারের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের স্বার্থে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতারকৃত আসামিকে জেলহাজতে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, দুলাল মেম্বার আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯:০০:২৬ ৩ বার পঠিত