রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা : ডিসি ফরিদা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা : ডিসি ফরিদা
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা : ডিসি ফরিদা

বিদ্যুৎ বিল ও জ্বালানি ব্যয় সাশ্রয়ের পাশাপাশি জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমাতে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

তিনি বলেছেন, সরকারি-বেসরকারি ভবনের অব্যবহৃত ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো গেলে বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন’ বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে. এম. আলী রেজা। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা। এ সময় সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্ভিস প্রোভাইডার এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা জেলার সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতি তুলে ধরে জেলা প্রশাসক জানান, জেলায় প্রায় ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে। এসব ভবনে গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের স্থাপিত ক্ষমতা প্রায় ১৬২ মেগাওয়াট পিক। অফ-গ্রিড ব্যবস্থাসহ মোট সক্ষমতা প্রায় ১৭৮ মেগাওয়াট পিক।

তিনি বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ একটি সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ। ভবনের নিজস্ব বিদ্যুৎ চাহিদা সৌরবিদ্যুৎ দিয়ে পূরণ করা গেলে গ্রিডের ওপর নির্ভরতা কমে এবং বিদ্যুৎ বিল সাশ্রয় হয়। পাশাপাশি নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ রয়েছে।

জেলা প্রশাসক জানান, জেলায় স্থাপিত গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের ৮৪ শতাংশ বেসরকারি এবং ১৬ শতাংশ সরকারি ভবনে রয়েছে। আগামী ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে আরও ৭১৪টি ভবনে প্রায় ১১৭ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই সরকারি ভবন। এ লক্ষ্য অর্জিত হলে জেলায় গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের মোট সক্ষমতা প্রায় ২৭৯ মেগাওয়াট পিকে উন্নীত হবে।

সৌরবিদ্যুতের অর্থনৈতিক সুবিধা বাড়াতে নেট মিটারিং সংযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে ফরিদা খানম বলেন, বর্তমানে সৌরবিদ্যুৎ স্থাপিত ভবনগুলোর মাত্র ৬ শতাংশে নেট মিটারিং সংযোগ রয়েছে। এ সংযোগ বাড়ানো গেলে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হবে এবং সৌরবিদ্যুতের আর্থিক সুফল আরও বাড়বে।

কর্মসূচির সফল বাস্তবায়নে পর্যাপ্ত বিনিয়োগ, সহজ শর্তে ঋণ, মানসম্মত যন্ত্রপাতি ও দক্ষ কারিগরি জনবল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক। তিনি সরকারি দপ্তরগুলোকে ভবনের ছাদ সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী করা, বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে দ্রুত নেট মিটারিং সংযোগ প্রদান এবং সার্ভিস প্রোভাইডারদের মানসম্মত কাজ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনমালিকদের সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের সুযোগ গ্রহণের অনুরোধ করেন।

জেলা প্রশাসক বলেন, রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত সুফল পাওয়া সম্ভব। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে ঢাকা জেলাকে আরও জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:৫৩   ৬ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


পটুয়াখালীতে রাসপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা : ডিসি ফরিদা
বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
জিয়াউল আহসানের অবৈধ সম্পদ গড়ার তথ্য আমাদের কাছে আছে: অ্যাটর্নি জেনারেল
সরিষাবাড়ীতে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা
ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ