
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় পৃথক দুটি স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার আওনা ও পিংনা বাজার এলাকায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের বিরুদ্ধে এবং পিংনা ইউনিয়নের রাধানগর এলাকায় অবৈধ বালু সংরক্ষণ ও বিপণনের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, আওনা ও পিংনা বাজার এলাকায় অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা এবং সেবা প্রদানে নানা অনিয়মের অভিযোগে দুইটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টার দুইটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
পরবর্তীতে পিংনা ইউনিয়নের রাধানগর এলাকার বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু সংরক্ষণ ও বিপণনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ বালু পরিবহন ও সংরক্ষণের কাজে ব্যবহৃত পাইপসহ অন্যান্য যন্ত্রাংশ বিনষ্ট করা হয়।
জনস্বার্থে এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৪৩:৪৭ ২ বার পঠিত