
দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে আজ সন্ধ্যায় মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন কর্মী।
আজ বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কর্মীকে বিদায় শুভেচ্ছা জানাবেন।
আজ সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
তিনি জানান, নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। এ জন্য তাদের সঙ্গে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তি করা হয়েছে। এ ছাড়া নিয়োগকর্তার পক্ষ থেকে তারা আবাসন ও চিকিৎসাসুবিধা পাবেন।
এই কর্মসূচির আওতায় কর্মীদের বোয়েসেল কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক্-বহির্গমন প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের যাবতীয় খরচ বাবদ কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ ব্যয় নিয়োগকর্তা বহন করছে।
সরকারের এই উদ্যোগে কর্মীপ্রতি আনুমানিক ২ লাখ টাকা হিসাবে ১১২ জনের মোট ২ কোটি ২৪ লাখ টাকা সাশ্রয় হচ্ছে।
কর্মী বাছাই প্রক্রিয়াকে দালালমুক্ত ও স্বচ্ছ রাখতে ৪ হাজার ৩৯ জনের অনলাইন আবেদন থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে তাঁদের মধ্য থেকে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। এর মধ্যে ডিএইচএল সাপ্লাই চেইনে ১১২ জন, টপ গ্লোভে ৩৭৯ জন, তাতাওয়া ইন্ডাস্ট্রিতে ৩২ জন এবং ইউনাইটেড প্লান্টেশনে ৫২৫ জন কর্মী নিয়োগের চাহিদা রয়েছে।
সরকারি এই কর্মসূচিতে কাউকে কোনো টাকা দিতে হয় না উল্লেখ করে তিনি বলেন, বোয়েসেলের নামে কেউ টাকা দাবি করলে তা প্রতারণা। কর্মী নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি শুধু বোয়েসেলের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪:০৮:০৬ ৬ বার পঠিত #ডিএইচএল সাপ্লাই চেইন #বিনা খরচে মালয়েশিয়া কর্মী নিয়োগ #বোয়েসেল