
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় প্রসিকিউশনের পক্ষে আজ ট্রাইব্যুনালে সমাপনী বক্তব্য দিতে এসে সাংবাদিকদের কাছে নিজের প্রত্যাশার কথা জানান তিনি।
এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমাদের আইনে একজন ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই মামলায় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে।’
আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের পক্ষে তৃতীয় দিনের যুক্তি উপস্থাপন শেষে সমাপনী বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল।
গতকাল মামলাটিতে দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর বলেন, এ মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না। এ ধরনের মানুষকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত।
তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।
চিফ প্রসিকিউটরের যুক্তি উপস্থাপনের সময় অপর প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
মামলাটির যুক্তি উপস্থাপন সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
মামলার প্রথম দিনের যুক্তি উপস্থাপনে জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস এবং আরেক সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এসব জবানবন্দির মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার নির্মমতার চিত্র তুলে ধরা হয়।
পাশাপাশি মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি উপস্থাপন করে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের বেপরোয়া কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরা হয়।
প্রথম দিনের যুক্তি উপস্থাপনের একপর্যায়ে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, ‘আমি আমার ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন, বিডিআর বিদ্রোহের মামলা সহ নির্মম ও ভয়াবহ অনেক মামলার অপরাধী দেখেছি। কিন্তু জিয়াউল আহসানের মতো এরকম ‘মনস্টার’ কাউকে দেখিনি। তার নির্মমতার বর্ণনা দিতে গেলে গা শিউরে ওঠে। রক্ত যেন গায়ে না লাগে, সে জন্য বালিশ ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করা।’
তিনি আরও বলেন, ‘হত্যার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহ নদীতে ফেলে দেওয়া।’
সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ জিয়াউল আহসানের নেতৃত্বে সংঘটিত নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাগুলো ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান আজ কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এই প্রথম মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।
বাংলাদেশ সময়: ১৪:০৯:১৮ ৬ বার পঠিত #আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল #জিয়াউল আহসান #মানবতাবিরোধী অপরাধ #রুহুল কুদ্দুস কাজল