![]()
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
আজ কক্সবাজারের টেকনাফ উপজেলাধীন জীম্বংখালী সীমান্তে অভিযান চালায় বিজিবি।
বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জিম্বংখালী বিওপির নিয়মিত বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি ৭ নম্বর পোস্ট সংলগ্ন বেলালের মাছের ঘেরের পাশে প্রযুক্তির সহায়তায় মিয়ানমার থেকে দু’জন ব্যক্তিকে হাতে দু’টি ব্যাগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে।
তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা তাদের বহন করা লুঙ্গি দিয়ে মোড়ানো দু’টি ব্যাগ ফেলে ঘেরের পাশ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া দু’টি ব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে সংরক্ষিত আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চলমান থাকবে।
বাংলাদেশ সময়: ১৭:১৭:৫৮ ৬ বার পঠিত