রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে সালিশ উপেক্ষা করে কৃষকের জমি দখলের অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সালিশ উপেক্ষা করে কৃষকের জমি দখলের অভিযোগ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে সালিশ উপেক্ষা করে কৃষকের জমি দখলের অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম্য সালিশের সিদ্ধান্ত উপেক্ষা করে সংঘবদ্ধভাবে এক কৃষকের জমি জবরদখলের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ভাড়াটে লোকজন নিয়ে ওই জমিতে ছাপরা ঘর নির্মাণ ও বাঁশের খুঁটি পুঁতে সীমানা নির্ধারণ করা হয়েছে।

​রোববার (২৯ নভেম্বর) সকালে সরিষাবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বলারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক মো. শহীদের পৈতৃক ও দীর্ঘদিনের দখলীয় জমিতে প্রতিপক্ষ জুলহাস উদ্দিন ও তাঁর লোকজন এ কাজ করেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

​স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, পৈতৃক জমির মালিকানা ও দখল নিয়ে শহীদ ও জুলহাসের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিক গ্রাম্য সালিশ বৈঠক হয় এবং সর্বশেষ গত ১৪ নভেম্বর উভয় পক্ষ সালিশের সিদ্ধান্ত মেনে নেয়। অভিযোগ রয়েছে, সেই সিদ্ধান্ত অমান্য করেই রোববার সকালে জুলহাস উদ্দিন লোকজন নিয়ে শহীদের দখলীয় জমিতে প্রবেশ করেন এবং বাঁশের খুঁটি পুঁতে একটি ছাপরা ঘর তোলেন।

​এতে এলাকায় উত্তেজনা দেখা দিলে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:০৯:৪৫   ৫ বার পঠিত