অ্যানফিল্ডে এগিয়ে থেকেও পয়েন্ট খুইয়েছে আর্সেনাল

প্রথম পাতা » খেলাধুলা » অ্যানফিল্ডে এগিয়ে থেকেও পয়েন্ট খুইয়েছে আর্সেনাল
সোমবার, ১০ এপ্রিল ২০২৩



অ্যানফিল্ডে এগিয়ে থেকেও পয়েন্ট খুইয়েছে আর্সেনাল

প্রথমার্ধে দারুণ পারফরম্যান্স দেখিয়ে জোড়া গোল করে আর্সেনাল। বিরতির আগে এক গোল করে ব্যবধান কমায় লিভারপুল। তবে শেষদিকে আসল খেলা দেখায় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ম্যাচের শেষ মুহূর্তে দারুণ সব আক্রমণে সমতায় ফেরে অল রেডস শিবির। এতে এগিয়ে থেকেও পয়েন্ট খুইয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান বাড়াতে পারেনি গানার্সরা।

রোববার (৯ এপ্রিল) রাতে অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে টেবিল টপার আর্সেনাল। ম্যাচের শুরুতে গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান গাব্রিয়েল জেসুস। তবে বিরতির আগে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান মোহামেদ সালাহ। আর শেষদিকে বদলি হয়ে নেমে সমতা টানেন রবার্তো ফিরমিনো।

এদিন ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের দেওয়া পাস পায়ে নিয়েও নিয়ন্ত্রণে আনতে পারেননি ফন ডাইক। বল পেয়ে বক্সে ঢুকে দারুণ শটে জাল খুঁজে নেন মার্তিনেল্লি। ২৮তম মিনিটে ব্যবধান বাড়ান জেসুস। মার্তিনেল্লির ক্রস বক্স থেকে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৪২তম মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান সালাহ। জর্ডান হেন্ডারসনের পাস থেকে প্রথম স্পর্শেই জাল খুঁজে নেন মিশরের এই ফরোয়ার্ড। বিরতির পর খেই হারিয়ে ফেলে আর্সেনাল। ডিফেন্সিভ খেলেও অবশ্য পার পায়নি তারা। ৮৭তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রস থেকে উড়ে আসা বল হেডে জালে পাঠান ফাবিনিয়োর বদলি নামা ফিরমিনো।

এই ড্রয়ের পরও লিগের শীর্ষে রয়েছে আর্সেনাল। ৩০ ম্যাচে ২৩ জয় ও ৪ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে মিকেল আতের্তার শিষ্যরা। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। এই তালিকায় ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের আটে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১১:৩৮:০৪   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বসনিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কানাডা
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো যুক্তরাষ্ট্র
কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া
দাপট দেখিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল মেক্সিকো
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে স্কুল বন্ধ ও ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা
স্পেনের সঙ্গে ড্র করা ইরাক হারল ভেনেজুয়েলার কাছে
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব
বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ