ফিডের দাম কমাতে উৎপাদন খরচ কমানোর উদ্যোগ নেবে সরকার: ফরিদা আখতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফিডের দাম কমাতে উৎপাদন খরচ কমানোর উদ্যোগ নেবে সরকার: ফরিদা আখতার
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



ফিডের দাম কমাতে উৎপাদন খরচ কমানোর উদ্যোগ নেবে সরকার: ফরিদা আখতার

উৎপাদন খরচ কমিয়ে ফিডের দাম কমাতে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সোমবার (২৪ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, কোনো সরকার একদিনে কাজ শেষ করতে পারেনা। বর্তমান সরকার অনেক কাজ এগিয়ে রাখছে, যা পরবর্তী নির্বাচিত সরকার শেষ করবে। মৎস্য ও প্রাণীর জন্য ফিড তৈরির কারখানাগুলোর বিদ্যুতের দাম কমানোর চেষ্টা চলছে। এর ফলে ফিডের দাম কমে আসবে।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন করা হবে জানিয়ে তিনি আরও বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে প্রাণিসম্পদ পদক প্রদান, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, র‌্যালি, আলোচনা, সেমিনার, কর্মশালা ও প্রদর্শনী ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী প্রাণিসম্পদ খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫টি ক্যাটাগরিতে ১৫টি পদক প্রদান করা হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদকে ভূষিত করা হবে। এই পদক জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রদান করবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের জন্যে শুভেচ্ছা বার্তা ভিডিওতে প্রদান করবেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জিডিপিতে এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ, জিডিপিতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ১৯ শতাংশ, কৃষিজ জিডিপিতে ১৬ দশমিক ৫৮ শতাংশ এবং অর্থমূল্যে প্রাণিসম্পদ জিডিপির আকার দাঁড়িয়েছে ৯১ হাজার ৩৬ কোটি টাকা।

পোলট্রি শিল্প বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থানের খাত উল্লেখ করে উপদেষ্টা বলেন, যেখানে প্রায় ৪০ হাজার কোটি টাকার বেশি বেসরকারি বিনিয়োগ রয়েছে। দেশে নিবন্ধিত ৮৫ হাজার ২২৭টি বাণিজ্যিক এবং প্রায় ১ লাখ ৯১ হাজারটি প্রান্তিক পোলট্রি খামার রয়েছে। প্রতিদিন গড়ে ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে-যা নিঃসন্দেহে এক বড় সাফল্য।

তিনি বলেন, রোগ নিয়ন্ত্রণে সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে ১৭ লাখ ডোজ টিকা, ক্ষুরা রোগ (এফএমডি) নির্মূলে নির্দিষ্ট অঞ্চলে জোনিং কার্যক্রম এবং ছাগলের পিপিআর রোগ নিয়ন্ত্রণে প্রায় ৬ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে।

উপদেষ্টা বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদ্যাপনের মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি-বেসরকারি সমন্বয় আরও শক্তিশালী হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৫২   ১৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরো জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর
ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান
ফরিদপুর জেনারেল হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ
মধুখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ