![]()
ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী মো. আমিনুল হক ভোট ইঞ্জিনিয়ারিং ও ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে গেজেট প্রকাশ স্থগিত করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পল্লবীর নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রশাসন ও প্রতিপক্ষ প্রার্থীর যোগসাজশে তার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার বিপক্ষে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধান দেখানো হয়েছে। অথচ, প্রায় ৩ হাজার ৭৬৪টি ভোট বাতিল করা হয়েছে এবং ৮০টি পোস্টাল ব্যালট যুক্ত করলে মোট বাতিল ভোটের সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ৭৪৪।
তার ভাষ্য অনুযায়ী, এসব ভোট বৈধ হিসেবে গণনা করা হলে ফলাফল ভিন্ন হতে পারত।
তিনি অভিযোগ করেন, বহু ব্যালট পেপারে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছিল না। কোথাও কোথাও একই ব্যালটে একাধিক সিল দেয়া হয়েছে, যা তিনি ‘ইচ্ছাকৃত’ বলে দাবি করেন। এছাড়া নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি ব্যালট পেপার পাওয়ার অভিযোগও তোলেন তিনি।
আমিনুল বলেন, ‘আমাকে হারানো যাবে না বুঝেই সূক্ষ্ম কারচুপির মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে।’
তিনি দাবি করেন, ভোটকেন্দ্র পরিদর্শনের সময় ভোটারদের কাছ থেকে বিজয়ের আশ্বাস পেয়েছিলেন এবং ফলাফল ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা গেছে।
তিনি জানান, এরইমধ্যে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পুনর্গণনার আবেদন করা হয়েছে। পুনর্গণনা শেষ না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ স্থগিত রাখার আহ্বান জানান তিনি।
যদিও গেজেট প্রকাশ হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ায় চ্যালেঞ্জ করা হবে।
তিনি আরও জানান, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনে হাইকোর্টে রিট দায়ের করবেন। তার দাবি, ঢাকা-১৬ আসনের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন দিতে হবে।
প্রার্থী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ছিল। যদি এখনো কারচুপি হয়, তা দেশের জন্য দুর্ভাগ্যজনক।’
তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিষয়টি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৫:৪০:৪৬ ১১ বার পঠিত