![]()
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের কৃষি অর্থনীতিকে বেগবান ও গ্রামীণ জনপদে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গৃহীত এই পদক্ষেপের ফলে সাধারণ কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের সময় কোটি কোটি টাকা লুণ্ঠনকারী ঋণখেলাপিরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলেও প্রকৃত উৎপাদনকারী কৃষকরা ছিল অবহেলিত।
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার মাত্র ১৪ দিন হলো দায়িত্ব নিয়েছে। এই ক’দিনের মধ্যে কৃষকদের পাশে দাঁড়িয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ রয়েছে, তাদের আসল ও সুদসহ সম্পূর্ণ টাকা মওকুফ করে দেওয়া হয়েছে।’
তথ্যমন্ত্রী জানান, এই মওকুফের ফলে যে প্রণোদনা তৈরি হবে, তা আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। এছাড়া অতি দ্রুত ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণের পাইলট প্রকল্প শুরু হচ্ছে বলেও জানান তিনি।
গ্রামীণ অর্থনীতির পাশাপাশি সামাজিক নিরাপত্তার বিষয়ে মন্ত্রী জানান, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে মার্চের শুরুতেই ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হবে। প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হলেও পর্যায়ক্রমে এই ভাতার পরিমাণ বাড়ানো হবে।
জহির উদ্দিন স্বপন আরও জানান, এছাড়া দেশের সকল ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের একটি ডাটাবেজের আওতায় এনে সরকারি সম্মানী ভাতার ব্যবস্থা করা হচ্ছে, যা আসন্ন ঈদুল ফিতরের আগেই চালু করার লক্ষ্য রয়েছে সরকারের।
সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত ও পরিবেশ উন্নয়নে সরকার কাজ করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সচিবালয়ে সাংবাদিকদের বসার জন্য আধুনিক অবকাঠামো নির্মাণ এবং সচিবালয়ে প্রবেশাধিকার সহজ করতে একটি ডিজিটাল এন্ট্রি সিস্টেমের বিষয়ে সরকার বিবেচনা করছে।
এছাড়া অ্যাক্রেডিটেশন কার্ড প্রদানে কোনো অসংগতি থাকলে তা আলোচনার ভিত্তিতে দ্রুত নিরসন করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৪৮:৩০ ১৫ বার পঠিত