গণভোটের রায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম

প্রথম পাতা » চট্টগ্রাম » গণভোটের রায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬



গণভোটের রায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম

জনগণের রায়কে আদালতে নিয়ে গণভোটের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, আমরা হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি। সেই গণরায়কে এখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা তা মেনে নেব না। জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হলে আমাদেরও রাজপথে নামতে হবে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর স্টেশন ক্লাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম এমপি বলেন, ‘আমাদের জুলাইয়ের মতো ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে বাধ্য করবেন না। গণভোটের রায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।’

ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানাতে হবে। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না। জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার বিচার ও ওসমান হাদীর হত্যাকারীদের বাংলাদেশে পাঠানোর পর আমরা সম্পর্কের বিষয়টি ভেবে দেখব। এর আগে ভারতের সাথে কোনো সম্পর্ক ঠিক হবে না।’

সংবিধান সংস্কার বাস্তবায়নে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেন, ‘সংবাদমাধ্যমের স্বাধীনতার নামে গুজবের স্বাধীনতা চর্চা হচ্ছে। কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী মিডিয়া ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা চাই গণমাধ্যম সঠিক ও বিভ্রান্তিমুক্ত সংবাদ প্রকাশ করবে।’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা যতদিন জীবিত থাকব ততদিন দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কবর রচনা করব। প্রধানমন্ত্রীকে আহ্বান জানাব শরীফ ওসমান হাদী হত্যার বিচার দ্রুত করতে। আমরা আন্দোলনে নামলে বিচার নিয়েই ঘরে ফিরব।’

দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘গণভোটে ৭০ শতাংশ ভোট পেয়ে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এখন সংস্কার নিয়ে চোর-পুলিশ খেলা চলছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা আবারো রাজপথে নামব। সরকারকে শান্তিতে দেশ পরিচালনা করতে হলে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আমরা দেখছি বিএনপির কিছু নেতাকর্মী ও আইনজীবী বাংলাদেশকে আবারও পুরনো পথে ফিরিয়ে নিতে চান। মাঠ পর্যায়ে আমাদের নেতাদের হুমকি ও হামলা করা হচ্ছে। এটি মোকাবিলা করতে আমাদের শক্তিশালী সাংগঠনিক সক্ষমতা অর্জন করতে হবে।’

অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কুমিল্লা বিভাগীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৫৯   ৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি
চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে কোনো প্রকল্প হবে না : রেলমন্ত্রী
সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে - পানি সম্পদ মন্ত্রী
কৃষকের বরাদ্দও খেয়েছেন আ.লীগ নেতাকর্মীরা: কৃষিমন্ত্রী
ইত্যাদি ফাউন্ডেশনের বৃত্তি পেলেন নোয়াখালীর ৫০ শিক্ষার্থী
শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে - নৌপরিবহন মন্ত্রী
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড় - পার্বত্য মন্ত্রী
দেশের কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নই সরকারের অগ্রাধিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ