![]()
রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কেন্দ্রীয় ঈদ জামাতে একসাথে ১০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তবে গতবছরের মতো এবার থাকছে না আনন্দ র্যালি।
বুধবার (১৮ মার্চ) এই মাঠে ঈদুল ফিতরের জামাত প্রস্তুতি পরিদর্শন শেষে ডিএনসিসি’র প্রশাসক শফিকুল ইসলাম খান এ তথ্য জানান।
তিনি জানান, সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। ১০ হাজার পুরুষ ও ৬০০ নারীর নামাজের ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত মুসল্লি হলে তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হবে। বৃষ্টির কথা মাথায় রেখে সব প্রস্তুতি নেয়া হয়েছে। তবে এবার থাকছে না কোনো আনন্দ র্যালি।
সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও জানান ডিএনসিসি প্রশাসক।
এদিকে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। প্যান্ডেল নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা সবই এখন সমাপ্তির পথে। শেষ মুহূর্তের ঘষা-মাজা আর চূড়ান্ত পর্যায়ের কাজ তদারকি করছে ডিএসসিসি, গণপূর্ত অধিদফতরসহ সংশ্লিষ্ট দফতরগুলো।
সকাল সাড়ে ৮টায় এখানে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। যাতে অংশ নেবেন প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে জানা গেছে, এবার প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটারের ঈদগাহ ময়দানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন ৩৫ হাজার মুসল্লি।
বাংলাদেশ সময়: ১৪:৫১:২৪ ১৪ বার পঠিত