শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ভিয়েতনামকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা জয়

প্রথম পাতা » খেলাধুলা » ভিয়েতনামকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা জয়
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬



ভিয়েতনামকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা জয়

ফুটবল মাঠে ভিয়েতনামের কাছে হারের আক্ষেপ ঘুচল আর্চারিতে। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারিতে সেই ভিয়েতনামকেই হারিয়ে সোনা জিতেছে বাংলাদেশের কম্পাউন্ড দল। দাপুটে পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্টের এই বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার সকালে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের কম্পাউন্ড দল ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরের ব্যবধানে পরাজিত করে।

৬ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে স্বর্ণপদক নিজেদের করে নেন বাংলাদেশি আর্চাররা। দলের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ। পুরো টুর্নামেন্টে দলের সামগ্রিক গড় স্কোর ছিল ৯.৬২। ব্যক্তিগতভাবে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হিমু বাছাড়, যাঁর গড় স্কোর ছিল ৯.৭৫।

সোনা জয়ের পথে বাংলাদেশ দল অত্যন্ত ধারাবাহিকতা বজায় রেখেছে। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মালয়েশিয়াকে হারিয়ে তারা সেমিফাইনাল নিশ্চিত করে।

এরপর শেষ চারের লড়াইয়ে ভুটানকে ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। অবশেষে ফাইনালে ভিয়েতনামকে হারিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন বাংলাদেশের আর্চাররা।

এবারের এশিয়া কাপে বাংলাদেশ থেকে মোট ১০ জন আর্চার অংশ নিয়েছেন। তবে সব বিভাগে প্রত্যাশিত সাফল্য আসেনি। কম্পাউন্ড নারী দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক থাইল্যান্ডের কাছে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে (২৩০-২২৯) হেরে বিদায় নেয়। রিকার্ভ পুরুষ দলও সম্ভাবনা জাগিয়ে কোয়ার্টার ফাইনালে থমকে যায়।

এছাড়া ব্যক্তিগত বিভাগে গত বছরের সোনাজয়ী আব্দুর রহমান আলিফ এবার প্রত্যাশা পূরণ করতে পারেননি; তিনি শেষ ষোলো থেকেই ছিটকে গেছেন।

বাংলাদেশ সময়: ১৬:১১:৪৮   ১০ বার পঠিত