বুধবার, ৮ এপ্রিল ২০২৬

সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস

সংসদ ভবন, ৮ এপ্রিল, ২০২৬ : জাতীয় সংসদ আজ ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল, ২০২৬’ পাস করেছে। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশকে আইনে পরিণত করা হলো, যা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা প্রদান করবে।

বিলটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে উত্থাপন ও পাসের প্রস্তাব করেন এবং কণ্ঠভোটে তা পাস হয়, যদিও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) এর বিরোধিতা করেন।

নতুন এই আইনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্য একটি পূর্ণাঙ্গ আইনি সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

বিল অনুযায়ী, অভ্যুত্থানে অংশগ্রহণের কারণে দায়ের করা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা, অভিযোগ বা আইনি কার্যক্রম নির্ধারিত প্রক্রিয়া অনুসারে প্রত্যাহার করা হবে।

এছাড়াও, অংশগ্রহণকারীদের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা বা অভিযোগ দায়ের আইনত নিষিদ্ধ করা হয়েছে।
সরকারি কৌঁসুলি বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা অংশগ্রহণকারীদের সনদের ভিত্তিতে আদালতে মামলা খারিজের আবেদন করবেন। আবেদন পাওয়ার পর আদালত তাৎক্ষণিকভাবে কার্যক্রম স্থগিত করে আসামিকে অব্যাহতি বা খালাস দেবেন।

তবে, যদি কোনো অংশগ্রহণকারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ থাকে, সে ক্ষেত্রে বিষয়টি তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশনে পাঠানো হবে।

বিলটি নিয়ে উত্থাপিত সমালোচনা প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি জাতীয় দাবি এবং ‘জুলাই জাতীয় সনদ’-এর প্রতিশ্রুতির বাস্তবায়ন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত বোর্ডটি নির্বাহী ক্ষমতা ব্যবহার করে জেলা কমিটি ও ক্লাবগুলোকে প্রভাবিত করেছিল। তদন্ত কমিটির প্রতিবেদনে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় বোর্ডটি বিলুপ্ত করা হয়।

তিনি জানান, বর্তমানে দেশের কৃতী ক্রিকেটার তামিম ইকবালকে দিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যা আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবে।

মানবাধিকার কমিশন বিষয়ে মন্ত্রী বলেন, সরকার শিগগিরই একটি নতুন বিল আনবে, যার মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন, স্বায়ত্তশাসিত একটি কমিশন গঠন করা হবে, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন এবং গুম সংক্রান্ত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ব্যাংক ও বিশ্ববিদ্যালয়গুলো কারা দখল করেছিল সে বিষয়ে তিনি প্রশ্ন উত্থাপন করে বলেন, এসব কর্মকাণ্ডের কারণে বর্তমানে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪১:৪৮   ১৩ বার পঠিত