![]()
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
পলাশবাড়ী থানার এএসআই মোহাম্মদ ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তির নাম মো. শাহ পরান (৩০)। তিনি উপজেলার মহেশপুর এলাকার মোহাম্মদ আজহারুল ইসলামের ছেলে।
আহতরা হলেন, পৌর এলাকার গৃধারীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মো. কাউসার, সুঁইগ্রামের আব্দুল জলিল ব্যাংকারের ছেলে মোহাম্মদ জাহিদ ও গৃধারীপুরের তারা মিয়ার ছেলে মো. সৈকত আলম। এদের মধ্যে মো. কাউসারকে (১৬) গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার স্থানীয় মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে তেল নেওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষে রূপ নেয়। এসময় ছুরিকাঘাতে তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, তেল নেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:৪৭:৫১ ১৬ বার পঠিত