বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

দলীয় প্রভাব খাটিয়ে মাটি বাণিজ্য, সরিষাবাড়ীতে হুমকির মুখে সাধারণ মানুষ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দলীয় প্রভাব খাটিয়ে মাটি বাণিজ্য, সরিষাবাড়ীতে হুমকির মুখে সাধারণ মানুষ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬



দলীয় প্রভাব খাটিয়ে মাটি বাণিজ্য, সরিষাবাড়ীতে হুমকির মুখে সাধারণ মানুষ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নে কৃষি জমি ও নদীর পাড় সংলগ্ন জনবসতি এলাকা থেকে অবাধে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে একদল অসাধু ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার ধারাবর্ষা দক্ষিণ পাড়া এলাকায় এই ঘটনা ঘটছে। ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির নাম ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা দক্ষিণ পাড়া এলাকায় নদীর পাড় ও বসতবাড়ির একেবারে নিকটবর্তী স্থান থেকে খননযন্ত্র (ভেকু) দিয়ে দিন-রাত মাটি কাটা হচ্ছে। এতে করে বর্ষা মৌসুমে নদী ভাঙনের ঝুঁকি বাড়ার পাশাপাশি স্থানীয় বসতবাড়িগুলো ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শত শত ট্রাক্টর মাটি পরিবহনের ফলে গ্রামীণ রাস্তাঘাটও চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

স্থানীয়রা অভিযোগ করেন, এই মাটি কাটায় বাধা দিতে গেলে সংশ্লিষ্ট অসাধু চক্রটি চরম ঔদ্ধত্য প্রদর্শন করে। তারা নিজেদের ‘বিএনপি নেতাকর্মী’ বা দলের ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চুপ থাকতে বাধ্য করছে। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে ভুক্তভোগীরা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন,
“আমরা মাটির ট্রাক চলাচলের শব্দে রাতে ঘুমাতে পারি না। নদীর পাড় কেটে ফেলায় আমাদের ঘরবাড়ি হুমকিতে আছে। বলতে গেলে তারা বলে ‘আমরা বিএনপি করি, আমাদের কেউ কিছু করতে পারবে না’। উল্টো আমাদের জেলের ভাত খাওয়ানোর ভয় দেখায়।”

এলাকাবাসীর দাবি, কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার করে জনস্বার্থ বিঘ্নিত করা বা সরকারি সম্পদ নষ্ট করা আইনত অপরাধ। তারা অবিলম্বে এই অবৈধ মাটি কাটা বন্ধ করতে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৫৫   ৪৩ বার পঠিত