
জামালপুর প্রতিনিধি : জামালপুর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি গবেষণারত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর লিমনের গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মেধাবী এই শিক্ষার্থীকে হারিয়ে দিশেহারা তার স্বজন ও এলাকাবাসী।
গত সপ্তাহ থেকে নিখোঁজ ছিলেন জামিল আহমেদ লিমন। দীর্ঘ তল্লাশির পর গত শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। লিমনের মৃত্যুর খবরটি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকেই তার গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
স্বজনদের আকুতি: দ্রুত বিচার ও মরদেহ ফেরত
লিমনের চাচা মাহবুবুর রহমান জানান, দীর্ঘ বছর ধরে লিমনের বাবা জহরুল ইসলাম সপরিবারে গাজীপুরের মাওনা এলাকায় বসবাস করলেও নাড়ির টানে তারা মাঝে মাঝেই গ্রামে আসতেন। তিনি বলেন, “নিখোঁজের খবরের পর আমরা দুশ্চিন্তায় ছিলাম। শুক্রবার রাতে খবর পেলাম আমার ভাতিজা আর নেই। আমরা সরকারের কাছে আবেদন জানাই, লিমনের মরদেহটি যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।”
লিমনের ফুপু আকলিমা আক্তার এবং প্রতিবেশী আলমগীর হোসেন হৃদয়ও এই মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, গ্রামের একজন অত্যন্ত মেধাবী ও নম্র ছেলের এমন পরিণতি তারা মেনে নিতে পারছেন না।
মেধাবী শিক্ষার্থী হিসেবে লিমনের দীর্ঘ পথচলা ছিল অনুপ্রেরণার। তার সংক্ষিপ্ত পরিচিতি নিচে তুলে ধরা হলো, গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে ২০১৪ এসএসসি পাস। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি সম্পন্ন করেন। এরপর খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET) থেকে অনার্স শেষ করেন।
২০২৪ (জুলাই) পিএইচডি গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পাড়ি জমান।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের মাধ্যমে তারা বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন। তিনি বলেন, “মাদারগঞ্জের একজন মেধাবী সন্তান যুক্তরাষ্ট্রে মারা গেছেন, এটি অত্যন্ত দুঃখজনক। মরদেহ দেশে আনার ক্ষেত্রে দূতাবাস সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।”
প্রবাসে একের পর এক বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রবাসী ও দেশি অভিভাবকদের মধ্যে। শোকাহত পরিবারের দাবি, পররাষ্ট্র মন্ত্রণালয় যেন এই ঘটনার সুষ্ঠু তদন্তে মার্কিন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে।
বাংলাদেশ সময়: ১৮:৫০:১৩ ৯ বার পঠিত