![]()
সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা আজ সোমবার বিকেল ৩টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মোট ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ছেলে ও মেয়ে গ্রুপে পৃথকভাবে ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা শেষে প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে ছেলে দল ও একটি করে মেয়ে দল উপজেলা পর্যায়ে অংশ নেয়।
ফাইনাল খেলায় বালক বিভাগে মৌলভীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর সালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় মৌলভীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বালিকা বিভাগে চর অযোধ্যা হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইমানখার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্যভাবে শেষ হলে পরে টাইব্রেকারে চর অযোধ্যা হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে বিজয়ী হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সুরাইয়া মমতাজ,উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজুর রহমান, এটিও মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, অহিদুজ্জামান মোল্লা আহবায়ক উপজেলা বিএনপির প্রস্তুত কমিটি, মনজুরুল হক মৃধা, গাজীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর এবং রেফারির দায়িত্ব পালন করেন মো. নজরুল ইসলাম।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পর্যায়ে বিজয়ী বালক ও বালিকা দল পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বাংলাদেশ সময়: ২৩:২৭:১৫ ৯ বার পঠিত