
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি নগরকান্দা কলেজে শিক্ষাব্যবস্থার চিত্র এখন উদ্বেগজনক। প্রশাসন ও শিক্ষকদের দীর্ঘদিনের অবহেলা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে শিক্ষার্থীশূন্য হয়ে পড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে।
১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি ২০১৩ সালে জাতীয়করণের মাধ্যমে সরকারি মর্যাদা লাভ করে। জাতীয়করণের পর শিক্ষকদের জীবনমানের দৃশ্যমান পরিবর্তন এলেও শিক্ষার মানে সেই অনুপাতে কোনো উন্নয়ন ঘটেনি বলে অভিযোগ রয়েছে। বরং জাতীয়করণের পরপরই শুরু হয় বিভিন্ন নামকরা কলেজে বদলির প্রতিযোগিতা, যার ফলে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ভুগতে থাকে প্রতিষ্ঠানটি। গুরুত্বপূর্ণ বহু পদ শূন্য থাকায় নিয়মিত শ্রেণি কার্যক্রম ভেঙে পড়ে, আর সেই সুযোগে জবাবদিহিতাহীনতার সংস্কৃতি শেকড় গেড়ে বসে।
পরবর্তীতে ধীরে ধীরে শিক্ষক সংকট কাটলেও শিক্ষা কার্যক্রমে গতি ফেরেনি। সাম্প্রতিক সময়ে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বেশ কিছু শিক্ষক এই কলেজে যোগদান করলেও বাস্তবতা হলো—শিক্ষক থাকলেও শিক্ষার্থী নেই। দীর্ঘদিনের অনিয়মিত ক্লাস ও শিক্ষার পরিবেশ ভেঙে পড়ার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মিত ও মানসম্মত ক্লাস না হওয়ায় তারা আগ্রহ হারিয়ে ফেলছে। অনেকেই বিকল্প প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছে। অন্যদিকে উপস্থিতি কম থাকায় অনেক ক্ষেত্রে ক্লাসই নেওয়া হচ্ছে না—এমন অভিযোগও রয়েছে। এতে করে শিক্ষকদের মধ্যে দায়িত্ববোধের ঘাটতি আরও প্রকট হয়ে উঠছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, শিক্ষার্থীদের উপস্থিতি ধারাবাহিকভাবে কমে গেলেও কলেজ প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত উদ্যোগ না নিলে প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে।
বাংলাদেশ সময়: ১৩:৩৩:২৬ ১৪৮ বার পঠিত