
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল-লেখকদের শুদ্ধাচার, নৈতিকতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬ খ্রি.) আলফাডাঙ্গা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলার সাব-রেজিস্ট্রার জনাব সুজন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা রেজিস্ট্রার মোহাঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার সাব-রেজিস্ট্রার আল-মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা রেজিস্ট্রার মোহাঃ শফিকুল ইসলাম বলেন, ভূমি-সংক্রান্ত সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দলিল-লেখকদের সততা ও পেশাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। জনগণ যেন কোনো প্রকার হয়রানি ছাড়া দ্রুত সেবা পায়, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে।এ সময় তিনি দলিল-লেখকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আইনগত জটিলতা নিরসনে পরামর্শ দেন।
বিশেষ অতিথি সাব-রেজিস্ট্রার আল-মাহমুদ বলেন, রেজিস্ট্রেশন আইন, সম্পত্তি হস্তান্তর আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধান সম্পর্কে হালনাগাদ জ্ঞান থাকলে দলিল লেখার ক্ষেত্রে ভুলের পরিমাণ কমে আসে। নির্ভুল দলিল সম্পাদনের মাধ্যমে সেবার মান বাড়ে এবং মামলা-মোকদ্দমা হ্রাস পায়। এ জন্য নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে সাব-রেজিস্ট্রার সুজন বিশ্বাস বলেন, শুদ্ধাচার চর্চা ও পেশাগত দায়িত্ববোধই একজন দলিল-লেখককে জনগণের কাছে সম্মানিত করে তোলে। সেবাগ্রহীতাদের প্রতি দায়িত্বশীল আচরণ এবং নির্ভুল ও স্বচ্ছভাবে দলিল সম্পাদন নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হতে হবে।
কর্মশালায় দলিল লেখার আধুনিক পদ্ধতি, দলিলের শ্রেণিবিন্যাস, স্ট্যাম্প আইন, উৎসে কর ও ফি নির্ধারণ, সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং পেশাগত নৈতিক মানদণ্ড বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দক্ষ ও সৎ দলিল-লেখকই ভূমি-সংক্রান্ত সেবাকে সহজ, দ্রুত ও জনবান্ধব করতে পারেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা দলিল লেখক সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, অর্থ সম্পাদক আসলাম, বিশিষ্ট দলিল-লেখক আমিরুল ইসলাম মাহবুব, বাচ্চু মিয়া, সিনিয়র দলিল-লেখক স্বপন সিকদার, সাবেক সাধারণ সম্পাদক শাহিদুল মুন্সি, মো. ইমদাদুল হক, মফিজুর রহমান, আমিরুল ইসলামসহ অত্র কার্যালয়ের সকল দলিল-লেখক ও অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী দলিল-লেখকগণ ভবিষ্যতে আরও দায়িত্বশীল, স্বচ্ছ ও দক্ষতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৬:০৫:৪৩ ৭৩ বার পঠিত