
রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে তৈরি পোশাকশিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতকেও সমপর্যায়ের সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘দেশের সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো বেসরকারি খাতের বিকাশ নিশ্চিত করা।’
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির ৪৬তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাকশিল্প বিশ্ববাজারে দারুণ সফলতা অর্জন করলেও সোনা, হীরা ও অন্যান্য সম্ভাবনাময় খাত এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি।
এসব খাত থেকে উপযুক্ত প্রস্তাব এলে সরকার তৈরি পোশাকশিল্পের মতোই সমান সুবিধা প্রদানে প্রস্তুত রয়েছে।’
তিনি বলেন, ‘চুরির ভয়ে আমরা সম্ভাবনাময় খাতগুলো আটকে রাখব না। চুরির সমাধান আলাদাভাবে করা হবে, কিন্তু ব্যবসার সুযোগ উন্মুক্ত থাকবে।’
মন্ত্রী বন্দরগুলোতে অহেতুক ব্যয় বৃদ্ধি, জটিলতা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘কোথায় কোথায় বাধা সৃষ্টি হচ্ছে তা সরকারকে জানাতে হবে, যাতে দ্রুত সমাধান করা যায়।’
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভঙ্গুর অর্থনীতি সংস্কারে সময় প্রয়োজন। দারিদ্র্য বিমোচন, বিনিয়োগ বৃদ্ধি এবং অভ্যন্তরীণ চাহিদা তৈরির লক্ষ্যে এবার একটি বড় ও মানসম্মত বাজেট প্রণয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।’
রাজস্ব আহরণ বাড়াতে সরকার আধুনিক প্রযুক্তিনির্ভর করব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ এবং পূর্ণাঙ্গ ডিজিটাইজেশনের মাধ্যমে করদাতা ও কর্মকর্তাদের সরাসরি যোগাযোগ কমিয়ে আনা হবে।
এতে দুর্নীতি হ্রাস পাবে এবং সেবা সহজ হবে। এ-সংক্রান্ত ডিজিটাল প্রকল্প ইতিমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে বলেও জানান তিনি।
কর-জিডিপি অনুপাত বাড়াতে ব্যবসায়ী সংগঠন ও চেম্বারগুলোর সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘যারা এখনো কর জালের বাইরে থেকে অসম প্রতিযোগিতা তৈরি করছে, তাদের করের আওতায় আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার পৃষ্ঠপোষকতার অর্থনীতিতে বিশ্বাসী নয়; বরং অর্থনীতির গণতান্ত্রিকীকরণে বিশ্বাসী, যেখানে সকল ব্যবসায়ী সমান সুযোগ পাবেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ।
বাংলাদেশ সময়: ১৭:০৭:০৪ ১২ বার পঠিত