
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির প্রথম বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি এ. এম. মাহবুব উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য মোঃ জাহিদুর রহমান, শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মাহবুবুল আলম এবং নূরুন্নিসা সিদ্দীকা অংশগ্রহণ করেন।
আলোচ্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকে তৃতীয় অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর পরিচিতি, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
বৈঠকে গ্রামীণ ও শহরাঞ্চলের সড়ক, সেতু, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন, স্থানীয় সরকারের সব স্তরের জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান এবং শহরাঞ্চলে পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এসব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে দেশের উন্নয়ন এগিয়ে নেওয়ার সুপারিশ করা হয়।
এ ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সংসদে উত্থাপিত প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন, সেচ ব্যবস্থাপনার উন্নয়ন ও বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়া হয়। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে নিরাপদ পানি সরবরাহ এবং জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো নাগরিক জীবনের মৌলিক প্রয়োজনীয় সেবাগুলো সরাসরি স্থানীয় সরকার বিভাগ পরিচালনা করে থাকে। এ পরিপ্রেক্ষিতে কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা, সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান এবং দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থানবিষয়ক প্রকল্পগুলোর কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের সুপারিশ করা হয়।
বৈঠকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:২২:১৬ ২৫ বার পঠিত #ত্রয়োদশ জাতীয় সংসদ #সংসদীয় কমিটির বৈঠক #সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি #স্থানীয় সরকার মন্ত্রণালয়