
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি। তিনি বলেছেন, পতিত ফ্যাসিস্ট শক্তিকে দেশে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।
আজ বুধবার অনুষ্ঠিত সমাবেশে হুইপ দুলু বলেন, দীর্ঘদিন পর দেশের জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। জনগণ পাঁচ বছরের জন্য সরকারকে ম্যান্ডেট দিয়েছে।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লাখ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। সরকার ও বিরোধী দলের মধ্যে মতের ভিন্নতা থাকলেও ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে উভয় পক্ষ ঐক্যবদ্ধ।
জুলাই অভ্যুত্থানের সময় শত শত নিরীহ ও নিরপরাধ মানুষকে হত্যার দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন হুইপ। তিনি বলেন, দেশে ফিরে এলে তাঁর বিচারের রায় কার্যকর করা হবে।
বিগত আওয়ামী লীগ সরকারের অত্যাচার ও অন্যায়ের প্রসঙ্গ তুলে হুইপ দুলু বলেন, পৃথিবীতে যে যতটুকু অন্যায়-অবিচার করবে, তাকেও ঠিক ততটুকু ফল ভোগ করতে হবে।
উল্লেখ্য, উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে আমন্ত্রিত বিশেষ অতিথি ডা. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টিসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:২০:০৬ ৩ বার পঠিত #উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম #এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু #জাতীয় প্রেসক্লাব #প্রতিবাদ সমাবেশ