বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

৯ গোলের মহারণে বায়ার্নকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি

প্রথম পাতা » খেলাধুলা » ৯ গোলের মহারণে বায়ার্নকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



৯ গোলের মহারণে বায়ার্নকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে অবিশ্বাস্য এক রোমাঞ্চকর ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৫-৪ গোলে হারিয়েছে পিএসজি। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে প্যারিসে হওয়া ৯ গোলের এই লড়াই সেমিফাইনালের এক লেগে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে।

ম্যাচের শুরুতে ১৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন। চলতি আসরে টানা ছয় ম্যাচে গোল করে ১৩ ম্যাচে নিজের গোলসংখ্যা ১৩-তে নেন ইংলিশ স্ট্রাইকার। তবে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় পিএসজি। ২৪তম মিনিটে খাভিচা কাভারাস্কেইয়া সমতা ফেরান। এরপর ৩৩তম মিনিটে কর্নার থেকে জোয়াও নেভেস হেডে দলকে এগিয়ে দেন।

৪১তম মিনিটে মাইকেল ওলিসে বায়ার্নকে আবার সমতায় ফেরান। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে উসমান দেম্বেলে গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে রাখেন স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধে ঝড় তোলে লুইস এনরিকের দল। ৫৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কাভারাস্কেইয়া। মিনিটখানেক পর দেম্বেলেও করেন নিজের দ্বিতীয় গোল, স্কোরলাইন দাঁড়ায় ৫-২। তবে হাল ছাড়েনি বায়ার্ন। ৬৫তম মিনিটে দায়ত উপামেকানো গোল করে ব্যবধান কমান। তিন মিনিট পর লুইস দিয়াসের গোলে ম্যাচে ফেরে জার্মান জায়ান্টরা।

শেষ দিকে দুই দলই সুযোগ তৈরি করলেও আর গোল হয়নি। ফলে ৫-৪ গোলের জয় নিয়ে ফিরতি লেগের আগে এগিয়ে থাকল পিএসজি। আগামী বুধবার (৬ মে) মিউনিখে হবে নির্ধারণী লড়াই।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৩৯   ১০০ বার পঠিত