ধলেশ্বরীর দুই পাড়ের ইটভাটা বন্ধে উদ্যোগ নেয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধলেশ্বরীর দুই পাড়ের ইটভাটা বন্ধে উদ্যোগ নেয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



ধলেশ্বরীর দুই পাড়ের ইটভাটা বন্ধে উদ্যোগ নেয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ইটভাটার কারণে সৃষ্ট পরিবেশ দূষণ রোধে ধলেশ্বরী নদীর দুই পাড়ে অবস্থিত ইটভাটাগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি দলীয় সদস্য আব্দুল্লাহ আল আমিনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটা বন্ধে নিয়মিত মনিটরিং এবং এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার করেছে এবং তা অব্যাহত রয়েছে। বিশেষ করে ধলেশ্বরী নদীর দুই পাড়ে দূষণকারী ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, নারায়ণগঞ্জ-৪ নির্বাচনী এলাকা সদর থানার ২টি ইউনিয়ন এবং ফতুল্লা থানার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ এলাকায় মোট ১১১টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ৭৮টি ইটভাটা ধলেশ্বরী নদীর দুই পাড়ে অবস্থিত।

মন্ত্রী আরও জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে নদীর দুই পাড়ের ৩৬টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৮টি ইটভাটা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে এবং মোট ৬৮ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি বলেন, ইটভাটাজনিত দূষণ কমাতে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে ব্লকের ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে। ইতোমধ্যে সরকারি নির্মাণ, মেরামত ও সংস্কার কাজে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ব্যবহার বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রী জানান, এই প্রজ্ঞাপন অনুযায়ী ১০০ শতাংশ ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ফলে নারায়ণগঞ্জ-৪ সহ সারাদেশে পোড়ানো ইটের চাহিদা কমবে এবং ধীরে ধীরে ইটভাটার সংখ্যা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:১৫:৫৮   ১৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করলেন দুই সংসদ সদস্য
পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন করেন স্পীকার
ফ্যাসিবাদ প্রতিরোধে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ: হুইপ দুলু
তথ্য মন্ত্রণালয়ের ১৫ প্রতিষ্ঠান শক্তিশালী করতে সংসদীয় সাব কমিটি গঠনের সিদ্ধান্ত
অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশসেরা প্রতিনিধি হলেন মোস্তফা কামাল
কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি ইউএনও
ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবার বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন মা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ