
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে যে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন এটি শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সেই জনপ্রিয় খাল খনন কর্মসূচির অংশ। খাল খনন কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন রকম সুফল পাচ্ছে জনগণ। খাল খনন কর্মসূচির মাধ্যমে পানি সঠিকভাবে প্রবাহিত হবে। ফলে রাস্তা নষ্ট এবং ভাঙবে না। এটা কৃষকের জন্য উপকারী হবে।
মঙ্গলবার দুপুরে হালুয়াঘাটের কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, খালখনন কর্মসূচি কৃষি ও মৎস্যের সুফলসহ পরিবেশবান্ধব হবে। একদিকে বন্যা পরিস্থিতি ও কৃষকের উপকার হবে, অন্যদিকে এলাকায় বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসীর সহযোগিতা কামনা করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, খাল খননের পর যাতে মাটি এবং ময়লা আবর্জনা দিয়ে ভরাট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার আগে জাতির সামনে অঙ্গীকার করেছিল আমরা ক্ষমতায় এলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব। সেটারই অংশ হিসেবে আজকে খাল খনন করা হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন এগুলো খনন কিংবা পুনঃখনন করা হয়নি। এবার আমাদের রাজনৈতিক অঙ্গীকার সেই রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে খালগুলো খনন এবং খালের মুখগুলো উন্মুক্ত করে দেব।
এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এমপি, লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
কড়ইকান্দা ও কচুন্দরা খাল খনন কর্মসূচির পাশাপাশি উপজেলার আমতৈল ইউনিয়নের বড়বিলা বাহিরশিমুল রাস্তা পাকাকরণসহ ৪টি রাস্তার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
এর আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি দুপুরে তারাকান্দা উপজেলার রামপুরে দেড় কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
তথ্য প্রতিমন্ত্রীকে স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় মুফতি মুহাম্মদুল্লাহ এমপি, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার উপস্থিত ছিলেন।
এ সময় ইয়াসের খান চৌধুরী বলেন, দলমত নির্বিশেষে উন্নয়ন কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করতে হবে। তারাকান্দা-ফুলপুরে সরকারি দল ও বিরোধী দলের বন্ধুসুলভ আচরণ প্রত্যাশা করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে দেশ গড়ার জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
তিনি আরও বলেন, তারাকান্দা ফুলপুরে সরকারি-বিরোধী বন্ধুসুলভ শান্তিপূর্ণ সহবস্থান উন্নয়নের জন্য সহায়ক পরিবেশ। প্রধানমন্ত্রী নিজেও সরকারি ও বিরোধ দলের মধ্যে সহাবস্থানে বিশ্বাসী। বিরোধ দলের এমপির এলাকার উন্নয়নে কোনো বৈষম্য হবে না।
বাংলাদেশ সময়: ২৩:৫৮:৪৭ ৫ বার পঠিত