![]()
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলায় হাম (Measles) সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৬ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুন পর্যন্ত জেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৮৪ জনে।
স্বাস্থ্য বিভাগের ১ জুন ২০২৬ তারিখের প্রতিবেদনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৫৬ জনের মধ্যে ১৪ জন ভর্তি হয়েছেন ফরিদপুর জেনারেল হাসপাতালে এবং ৪২ জন ভর্তি হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, ফরিদপুর সদরে এ পর্যন্ত সর্বোচ্চ ৬৩৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া আলফাডাঙ্গায় ২১ জন, বোয়ালমারীতে ২৩ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১১ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন এবং সালথায় ৫ জন রোগী শনাক্ত হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে ৫৭ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ২২ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ১৪২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় সেখান থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯ জন।
দুই হাসপাতালে বর্তমানে মোট ১৯৯ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে ৫৭৮ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১ হাজার ২৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হামে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ হামের বিস্তার রোধে অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:০৬:১২ ১৬ বার পঠিত