![]()
জামালপুর প্রতিনিধি: তীব্র গরমের মধ্যে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীর স্রোতে ভেসে গেছে দুই শিশু। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুরা হলো- রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইস্রাফিল (৭) ও একই এলাকার শামীম মিয়ার ছেলে উসমান গনি(৮)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তীব্র গরম থেকে স্বস্তি পেতে বৃহস্পতিবার দুপুরে রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় ৪-৫ জন শিশু একসঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ইস্রাফিল ও উসমান তলিয়ে যেতে থাকে।
তাদের সাথে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু মুহূর্তের মধ্যেই শিশু দুটি পানির নিচে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়।
এ ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এবং বিশেষ ডুবুরি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
নদীতে দুই শিশু নিখোঁজ হওয়ার পর থেকেই পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিখোঁজ শিশুদের পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে যমুনা নদীর পাড়ের বাতাস ভারী হয়ে উঠেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিশুদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:১৬:২২ ২২ বার পঠিত