মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ক্লোজাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের চূড়ায় মেসি

প্রথম পাতা » খেলাধুলা » ক্লোজাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের চূড়ায় মেসি
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬



ক্লোজাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের চূড়ায় মেসি

লিওনেল মেসি মানেই যেন নতুন রেকর্ডের গল্প। বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে সেই গল্পে যোগ হলো দুটি ভিন্ন অধ্যায়—একটি গৌরবের, অন্যটি কিছুটা হতাশার।

ম্যাচের আগে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি। দু’জনেরই গোল ছিল ১৬টি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি পেয়ে রেকর্ডটি এককভাবে নিজের করে নেয়ার সুযোগ পান আর্জেন্টাইন অধিনায়ক। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। মেসির নেয়া শট লক্ষ্যভ্রষ্ট হলে অপেক্ষা বাড়ে রেকর্ডের।

অবশেষে ম্যাচের ৩৮ মিনিটে গোল করে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন মেসি। বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৭-তে, যা এখন টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। ১৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যান ক্লোজা।

তবে পেনাল্টি মিসের কারণে আরেকটি রেকর্ডও নিজের নামে লিখিয়েছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড এখন তার একার। এ নিয়ে বিশ্বকাপে তিনবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন তিনি।

এর আগে দুটি পেনাল্টি মিস করে এই রেকর্ডে যৌথভাবে শীর্ষে ছিলেন ঘানার সাবেক স্ট্রাইকার আসমোয়াহ জিয়ানের সঙ্গে। এবার সেই তালিকায় এককভাবে ওপরে উঠে গেলেন মেসি।

বিশ্বকাপে তার প্রথম পেনাল্টি মিস ছিল ২০১৮ সালে আইসল্যান্ডের বিপক্ষে। ২০২২ সালে পোল্যান্ডের গোলরক্ষক ভয়চেক সেজনি তার আরেকটি পেনাল্টি ঠেকিয়েছিলেন। আর এবার অস্ট্রিয়ার বিপক্ষে শটটি লক্ষ্যভ্রষ্ট করে সুযোগ হাতছাড়া করেন আর্জেন্টাইন তারকা। এছাড়াও, মেসির ক্যারিয়ারে এটি ৩৩ তম পেনাল্টি মিস।

বাংলাদেশ সময়: ১:৫৮:৫৩   ৪১ বার পঠিত