রবিবার, ২৮ জুন ২০২৬

৯ মাসের সন্তানকে ‘হত্যা’: মায়ের হাত-পা বেঁধে খুঁটিতে রাখল শ্বশুরবাড়ির লোকজন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৯ মাসের সন্তানকে ‘হত্যা’: মায়ের হাত-পা বেঁধে খুঁটিতে রাখল শ্বশুরবাড়ির লোকজন
রবিবার, ২৮ জুন ২০২৬



৯ মাসের সন্তানকে ‘হত্যা’: মায়ের হাত-পা বেঁধে খুঁটিতে রাখল শ্বশুরবাড়ির লোকজন

জামালপুর প্রতিনিধি :জামালপুরের মেলান্দহে নিজের ৯ মাস বয়সী একমাত্র কন্যাসন্তানকে হত্যার অভিযোগে শ্রাবন্তী (২০) নামের এক তরুণীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ি এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম শাওন।

​অভিযুক্ত শ্রাবন্তী জামালপুর পৌর শহরের কম্পপুর মাঠপাড় এলাকার মুন্তাজ আলীর মেয়ে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহের ভাবকী গোয়ালবাড়ি এলাকার হুমায়ুন আহমেদ (২৫) ও শ্রাবন্তী দম্পতির একমাত্র সন্তান শাওন রাতে বাবা-মায়ের সঙ্গেই ঘুমিয়ে ছিল। ভোর সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে হুমায়ুন দেখেন ঘরের সামনের ও পেছনের দুটি দরজাই খোলা এবং বিছানায় তার স্ত্রী ও সন্তান কেউই নেই। এরপর পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।

​একপর্যায়ে পার্শ্ববর্তী বেপারীপাড়া কিতাবের বাড়ির পাশে শ্রাবন্তীকে দেখতে পান স্বজনরা। এর কিছুক্ষণ পরই বাড়ির পাশের একটি পুকুরে শিশু শাওনের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। সন্তানকে হত্যার অভিযোগে ক্ষুব্ধ হুমায়ুনের স্বজনরা তখন ওই তরুণীকে ধরে এনে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।

​অভিযুক্ত তরুণী শ্রাবন্তী অবশ্য দাবি করেছেন তাকে অপহরণ করা হয়েছিল। তিনি বলেন,​”রাত সাড়ে ৩টার দিকে এক ব্যক্তি ঘরের দরজায় টোকা দিলে আমি দরজা খুলে দিই। এ সময় এক মুখোশধারী ব্যক্তি আমার মুখে রুমাল চেপে ধরে অজ্ঞান করে ফেলে। এরপর সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে আমাকে ভাবকী বাজার এলাকায় নামিয়ে দেওয়া হয়। সেখানে কিছুটা জ্ঞান ফিরে পাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন আমাকে ধরে এনে এখানে বেঁধে রাখে। আমার সন্তানকে কে বা কারা মেরেছে, আমি তা জানি না।”

​অন্যদিকে স্বামী হুমায়ুন আহমেদ স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া ও ঘর ছেড়ে পালানোর অভিযোগ এনে বলেন, ​”শ্রাবন্তী এর আগেও কয়েকবার ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল। সে একাধিক ছেলের সঙ্গে ফোনে কথা বলত। এই নিয়ে কয়েকবার বিচার সালিশও হয়েছে। এবার বাবার বাড়ি থেকে আসার সময় সে তার মোবাইলটি সেখানেই রেখে এসেছে। ও-ই আমার ছেলেকে মেরে ফেলেছে।”

​মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত নারীকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪২:৫৫   ১৪২ বার পঠিত