রবিবার, ২৮ জুন ২০২৬

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু
রবিবার, ২৮ জুন ২০২৬



সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে অসাবধানতাবশত ঘরের ভেতর প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাঈদ (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ ওই এলাকার সুরুজ্জামানের ছেলে। সে এক সন্তানের জনক।

​নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার সন্ধ্যায় সাঈদ নিজ ঘরের ভেতর তাদের মুদি দোকানে একটি টু-পিন সকেটে বৈদ্যুতিক লাইন দিতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরবর্তীতে তার স্ত্রী তাকে এই অবস্থায় দেখে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার কামরুজ্জামান তন্ময় জানান, বিদ্যুৎস্পৃষ্ট ওই যুবককে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছিল। হাসপাতালে তাকে সম্পূর্ণ মৃত অবস্থায় আনা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার এসআই মোঃ চাঁন মিয়া জানান, চরবালিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।

​এদিকে, মাত্র ২১ বছর বয়সী তরুণ সাঈদের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৫৪   ১২০ বার পঠিত