সোমবার, ৬ জুলাই ২০২৬

জামালপুরে জমি লিখে না দেয়ায় মাকে ঘরছাড়া করলো পাষণ্ড ছেলে!

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে জমি লিখে না দেয়ায় মাকে ঘরছাড়া করলো পাষণ্ড ছেলে!
সোমবার, ৬ জুলাই ২০২৬



জামালপুরে জমি লিখে না দেয়ায় মাকে ঘরছাড়া করলো পাষণ্ড ছেলে!

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জমি লিখে না দেয়ায় রাশেদা বেগম নামে এক বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে তার আপন ছেলের বিরুদ্ধে। রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

​ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, মা রাশেদা বেগম কাঁদতে কাঁদতে হাতে পবিত্র কোরআন শরীফ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। এই ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম তার বাবার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীততারা ইউনিয়নের বাঁশনিওগী গ্রামে ওয়ারিশ সূত্রে ৫৬ শতাংশ জমি পান। পরবর্তীতে ভাইদের কাছে সেই জমি ৮ লক্ষ টাকায় বিক্রি করে নিজের নামে নতুন জমি কেনেন তিনি। এই জমির মালিকানা নিজের নামে লিখে নেয়ার জন্য রাশেদা বেগমের ছেলে রাশেদুল ইসলাম জাকির দীর্ঘদিন ধরে মায়ের সাথে ঝগড়া-বিবাদ ও মানসিক নির্যাতন করে আসছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাশেদুল ইসলাম জাকির এর আগে ‘এমএম বিল্ডার্স’ নামে একটি প্রতিষ্ঠানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত থাকা অবস্থায় ৮৩ লক্ষ টাকার অর্থ কেলেঙ্কারির দায়ে চাকরিচ্যুত হয়। এরপর থেকেই সে মায়ের সম্পত্তির ওপর মরিয়া হয়ে ওঠে। জমি লিখে না দিলে মাকে হত্যা করাসহ বিভিন্ন হুমকি দিতে থাকে।

​নিরাপত্তাহীনতায় ভুগে মা রাশেদা বেগম ইতিপূর্বেও সরিষাবাড়ী থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। একপর্যায়ে রাশেদুল গেন্দারপাড়ার বাসায় তালা ঝুলিয়ে দিয়ে তার স্ত্রীকে নিয়ে মধুপুরের মাস্টারপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে চলে যায়। পরে রাশেদা বেগম বাড়ি ফিরলে স্থানীয়রা গেটের তালা ভেঙে তাকে ঘরে তুলে দেন।

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সুরাহা হয়নি। সর্বশেষ রবিবার সকালে পুনরায় সালিশি বৈঠক বসলে সেখানেও রাশেদুল মাকে জমি লিখে দেয়ার জন্য চাপ দেয়। এতে মা রাজি না হওয়ায় প্রকাশ্যেই তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। খবর পেয়ে রাশেদা বেগমের ভাইয়েরা এসে তাকে উদ্ধার করে নিজেদের বাড়িতে নিয়ে যান।

ভুক্তভোগী মা রাশেদা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ছেলে দীর্ঘদিন ধরে সম্পত্তির জন্য আমাকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছিল। সম্পত্তি লিখে না দেয়ার কারণে সে আমাকে আমার স্বামীর বাড়িতে থাকতে দেয় না। আমি জোর করে থাকতে গেলে সে নিজে আত্মহত্যা করে আমাকে ফাঁসিয়ে দেবে বলেও হুমকি দেয়। অবশেষে রবিবার দুপুরে আমাকে বাড়ি থেকে বের করে দিল।”

এই ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ছেলে রাশেদুল ইসলাম জাকিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত কুলাঙ্গার ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৪২:১৬   ৭ বার পঠিত