![]()
নারায়ণগঞ্জের বন্দরে অটোরিকশাচালক মাসুম রানা হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে র্যাব-১১। পরে তাদের বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— সোনাচড়া এলাকার বাসিন্দা পারভেজ (২১), ধামগড় এলাকার বাসিন্দা আল আমিন (৩৫) এবং ঢাকেশ্বরী এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে সোমবার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ২৯ জুন জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মাসুম রানা। দীর্ঘ ছয় দিন নিখোঁজ থাকার পর গত ৪ জুলাই বন্দরের ঢাকেশ্বরী এলাকার একটি ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ০:২৩:৪২ ১০ বার পঠিত